Wednesday, November 29, 2017

পঞ্চাশে দিয়েছি পা

Image result for pen-writing pad
পঞ্চাশে দিয়েছি পা
করছি সারেগামা
গান শেখা হয়নিকো আধো
তবু কেন হৃদয়ে সুর
বাজছে সকাল দুপুর
মনোবীণা কেন সুরে সাধো।।

লিখছি কবিতা লিখছি গান
লেখনীর ভাণ্ডার আজও অফুরান
মন মানে না মানা হয়নি যে হিট
গানেরই কথা তবু বাঁধো।।

ভাবছি নিরলে ভাবছি সুর
উঠবে বেজে কবে সুরেলা নূপুর
গাইবো কবে যে গান মনেরই মতো
প্রাণেতে দ্বিধা অপরাধও।।

শেখ জলিল ২৯.১১.২০১৭

PC: Google Image

Monday, November 13, 2017

এমন মধুর হাসি

Image result for bangladeshi lady sketch
এমন মধুর হাসি দেখিনিতো আর
চুয়ে চুয়ে পড়ছে রূপের বাহার
মন চায় বলতে তুমি যে আমার
শুধু তুমি যে আমার।।

এমন হরিণী চোখ তন্বী দেহ
পৃথিবীতে বলো আর পেয়েছে কেহ
এমন মাধবী হাত স্পর্শ-ছোঁয়ার
নেইতো কোথাও তার তূল্য আর।।

এমন মায়াবী সুর প্রেম আহ্বান
এ ধরাতে তার কাছে সবই যে ম্লান
এমন কথার বোল কণ্ঠধারার
নেইতো কোথাও তার তূল্য আর।।

শেখ জলিল ১৩.১১.২০১৭

PC: Google Image

Friday, October 27, 2017

খাঁচার তালায় জং ধরেছে

Image result for cage and bird
খাঁচার তালায় জং ধরেছে
কব্জাতে নাই জোর
শংকাতে মন কখন পাখি
ভাঙবে খাঁচার দোর
একদিন বাড়বে ঝড়ের তোড়
পাখি ভুলবে মায়ার ডোর।।

যৌবন গেলে বৃদ্ধ হলে
খাঁচার প্রতিপালক
পাখি কি আর রাখবে মনে
ছিন্ন খাঁচার শোক
সেই অচিন দেশে যাবেই পাখি
কাটিয়ে প্রেমের ঘোর।।

জলিল বলে পুষেছি যে
বনের পাখিটিরে
যতন করে রেখেছি এ
বুকের খাঁচার নীড়ে
সেই পাখি যখন উড়ে যাবে
আর হবে না ভোর।।

শেখ জলিল ২৭.১০.২০১৭

PC: Google Image

Friday, October 20, 2017

হেইয়া হো হেইয়া হো

Image result for boat in the sea
হেইয়া হো হেইয়া হো
জেগে রহো দূরে চাহো
যেতে হবে বহুদূর
শুধু বৈঠা হাতে দেবো পাড়ি
গহীন সমুদ্দুর।।

মাল্লা আছে ছয় জন নায়ে
একজনা কাণ্ডারি
ভরসা শুধু তাঁরই উপর
দেবোই যে পথ পাড়ি
লক্ষ্য বুঝে চালাও বৈঠা
অপার অচিনপুর।।

যাইও বলে বদর বদর
মাল্লারই গান গাইয়া
অচিন দেশে পৌঁছবে তুমি
ভব দরিয়ার নাইয়া
বেখেয়ালে কইরো না আর
স্বপ্নটা ভাঙচুর।।

হেলায় হেলায় সব ছেড়েছি
আপন সোনার ভূমি
পারাপারের একক মালিক
মাবুদ আল্লাহ তুমি
জলিল বলে পার করে দাও
ঢেউয়ের শঙ্খচূড়।।

শেখ জলিল ২০.১০.২০১৭

Photo Credit: Google Image

Sunday, October 1, 2017

সখি কাটে না একেলা

সখি কাটে না একেলা
হেলায় হলো যে বেলা
চলো যেতে হবে দূর
সেই প্রেমের অচিনপুর।।

আর কতদিন অপেক্ষাতে
থাকবো একা বসে
বছর ঘুরে কবে সে দিন
হৃদয় অংক কষে
মিলন আশা বিষম জ্বালা
চোখে স্বপ্ন ক্ষুধাতুর।।

আর কতদিন নীলাকাশে
দেখবো উড়ো পাখি
জোড় বেঁধে সব যাচ্ছে দূরে
করছে ডাকাডাকি
পাখির মতোন হতো যদি
এই কণ্ঠ সুমধুর।।

শেখ জলিল ১৫.০৯.২০১৭

Thursday, July 27, 2017

বারবার ফিরে যাই স্বর্ণালী শৈশবে

Image result for নদীতীরে ভালোবাসা
বারবার ফিরে যাই স্বর্ণালী শৈশবে
বারবার ফিরে যাই কৈশোরে গৌরবে
আজও আমি ফিরে যাই উত্তাল যৌবনে
মনে পড়ে চাঁদমুখ স্মৃতিঝরা এই ক্ষণে।।

খেলেছি যে কত খেলা গেঁয়ো পথ প্রান্তরে
দেখেছি যে কত মেলা দুটি চোখ প্রাণ ভরে
ধরেছি যে কত হাত মিছে ছল ভান করে
ঘুরেছি যে দুজনায় নদীতীরে কাশবনে।।

বলেছি যে কত কথা নির্জনে বসে বসে
পেয়েছি যে কত ব্যথা না-দেখায় দিন শেষে
চেয়েছি যে কত প্রেম তোমাকেই ভালোবেসে
গড়েছি যে ছায়ানীড় হৃদয়েরই দর্পণে।।

শেখ জলিল ২৭.০৭.২০১৭

Image: somewhereinblog.net

Wednesday, July 26, 2017

ভাবনা নিবাস

Image result for গাঙচিল ও ঝাউবন
বুনো ঝাউশাখায় বাতাস খেলা করে
খেলা করে ভ্রমরকূলেরা প্রতিদিন
প্রতিদিন দক্ষিণ থেকে উত্তরে ঘুরে
ঘুরেফিরে গাঙচিল উড়ে যায় দূরে
দূরে কোথাও নীড়ের সন্ধানে স্বপ্নীল
স্বপ্নীল পাখায় লেগে থাকে নানা রং
রংধনু সাত রঙ হেসে ওঠে মেঘে
মেঘ মেঘে যায় বেলা দুচোখ অধীর
অধীর আগ্রহ তার খোঁজে সেই দৃষ্টি
দৃষ্টি সে তো দৃষ্টি নয় অসীম আকাশ
আকাশ সুনীলে যার ভাবনা নিবাস
নিবাস ভেঙেছে ঢেউ সমুদ্র উথাল
উথাল পাথাল যেন হৃদয় উঠান
উঠান জুড়িয়া ছিলো সোনাঝরা সুখ
সুখ তার ভেসে যায় কাঁদে শুধু বুক
বুক সে তো বুক নয় শূন্য পত্রপুট!

শেখ জলিল ২৫.০৭.২০১৭

Image Credit: somewhereinblog.net