Friday, April 28, 2017

গোস্যা তোমার কীসে বলো

গোস্যা তোমার কীসে বলো
কোথায় রাগের বাড়ি
এক পলক না দেখলে তোমায়
থাকতে কি আর পারি
মিছেমিছি নিচ্ছো কেন
আমার সাথে আড়ি।।

শুক্র গেলো শনি গেলো
আসলো ফিরে রবি
হৃদয়পটে ভাসছে শুধু
তোমার মুখচ্ছবি
কোরো না আর তালবাহানা
কথার বাড়াবাড়ি।।

সত্য ভাবো মিথ্যে ভাবো
তোমায় ভালোবাসি
একটুখানি দেখার তরে
কাছে ছুটে আসি
মিলবে দেখা আবার জানি
খুবই তাড়াতাড়ি।।

শেখ জলিল ২৭.০৪.২০১৭

Photo Credit: Google Image

Wednesday, April 12, 2017

এলো রে বৈশাখ এলো রে আবার

১.
এলো রে বৈশাখ
এলো রে আবার
খুশিতে হৃদয় মন
ভরছে সবার
দেখো সুখের নতুন রঙ
করছে খেলা
বটতলা রমনায়
বসেছে মেলা।।

ললনার হাতে চুড়ি
খোঁপা জুড়ে ফুল
নেচে চলে কিশোরীরা
কানে রূপা দুল
দেখো ঝিলের জলে ভাসে
প্রেমতরী ভেলা
ঘুরেফিরে ছেলেমেয়ে
কাটাবে বেলা।।

মঙ্গল শোভা যাত্র্রা
জারি সারি গান
ঢোলকের তালে তালে
নেচে ওঠে প্রাণ
দেখো রঙের ছবি হাতে
কত কাফেলা
মিছিলে শ্লোগানে সুরে
জমেছে খেলা।।

শেখ জলিল ১১.০৪.২০১৭


২.
রমনাতে চল্ সখি
বৈশাখী মেলাতে
ঘুরেফিরে মিশে যাই
রঙেভরা খেলাতে
হাসিখুশি পরিবেশ
আনন্দে নেই শেষ
ফিরে যাই দুজনায়
কৈশোর বেলাতে।।

হাতে চুড়ি কংকন
কপোলেতে অংকন
খোঁপা জুড়ে বেলী ফুল
প্রিয় ভোরবেলাতে
পথ চেয়ে সারাক্ষণ
ছটফট এই মন
দেখা হবে পার্কের
ছায়াঘেরা ঝিলেতে।।

কথা সুরে ভরা প্রাণ
ছায়ানটে বাজে গান
নেচে চলে ছেলেমেয়ে
আল্পনা গালেতে
তুমি আমি চোখে চোখ
প্রেমে ভরা মনলোক
হেঁটে চলা সেই দিন
ঢোলকের তালেতে।।

শেখ জলিল ১২.০৪.২০১৭



Sunday, March 19, 2017

যাইবা যদি রঙের পাখি

যাইবা যদি রঙের পাখি
ছাইড়া নিজের গাঁও
অচিন দেশে বড়ই জ্বালা
বুক বান্ধিয়া যাও।।


অচিন দেশের রূপের কন্যা
দেখবে কত জন
মিলবে না তার আদর সোহাগ
প্রেম অমূল্য ধন
থাকবে না সে বুকের খাঁচায়
যতই কাছে চাও।।

ছাড়লে তোমার কাছের স্বজন
নিজের বাড়ি ঘর
পর হবে না বন্ধু আপন
হৃদয়ে দোসর
বিচ্ছেদ জ্বালায় সারাজীবন
বইবে হুতাশ বাও।।

শেখ জলিল ১৫.০৩.২০১৭

PC: Google Image

Wednesday, March 15, 2017

আমার অন্তরেরই অন্তস্থলে

১.
আমার অন্তরেরই অন্তস্থলে
গড়লো যে জন ডেরা
সারা জীবন খুঁইজা বেড়াই
মন কারিগর কেরা
তারে বাঁধতে নারি নিজেই হারি
সে জন বাঁধনছেঁড়া।।

চক্ষু বুইজা ভাবি তারে
দিবা নিশিময়
অন্তরে অন্দরে জাগে
আরও বিস্ময়
একবার দিব্যচক্ষে দেখলে পরে
বাঁধতাম তারই নেড়া।।

কোন্ জগতে ছিলাম কোথায়
একা নিরাশ্রয়
কোন্ ভবেতে আইলাম শেষে
সবই মায়াময়
সেই মায়ার নেশায় হইলাম আমি
বুদ্ধিনাশা ভেড়া।।

শেখ জলিলে প্রেম বিচ্ছেদে
ঘর বিবাগী হয়
বুকের কষ্ট ফেরি করে
ঘুরে জগৎময়
ও সে বাউলানা প্রেমকাব্য লেখে
ব্যথার হৃদয় চেরা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

২.
আমার বুকে তোমায় নিয়ে গল্প আছে
আমার সুখে তোমায় নিয়ে কল্প আছে
বলো নেবে কি এই সুখ
আর রাখবে বুকে বুক।
আমার চোখে তোমায় নিয়ে স্বপ্ন আছে
কল্পলোকে তোমায় নিয়ে লগ্ন আছে
সেই লগ্ন অপরূপ
আমি বাসবো ভালো খুব।।

পথ চলিতে এলাম কাছে
ছিলাম একেলা
দীঘল পথে হাঁটতে হাঁটতে
গেলো যে বেলা
আজ চলার শেষে গলার মালা
পরিয়ে দিলাম চুপ।।

রাইখো তুমি সযতনে
বুকের প্রণয়ে
থাকবো পাশে সারা জীবন
তোমাকে লয়ে
আজ প্রেমের ঝিলে দুজন মিলে
জড়িয়ে দিলাম ডুব।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৩.
তুমি আছো সব আছে
তুমি নাই কিছু নাই
পাশে যদি থাকো তুমি
আলোকিত মনভূমি
দুটি চোখে খেলে যায়
প্রেম রোশনাই।।

যতক্ষণ থাকো কাছে
এ বুকেতে প্রাণ বাঁচে
যদি তুমি ভুলে যাও
ভুলি সব কিনারাই
একা পথে যদি হাঁটি
মনে হয় তুমি নাই
তুমি নাই সাথী নাই।।

যতক্ষণ চোখে দেখি
হৃদপটে ছবি আঁকি
যদি তুমি দূরে যাও
ভুলি সব ভাবনাই
তুলি হাতে যদি ধরি
পাশে দেখি তুমি নাই
তুমি নাই ছবি নাই।।

শেখ জলিল ১০.০৩.২০১৭

৪.
যায় কি লেখা সব মনের কথা
হৃদয় গভীরে যত লুকানো ব্যথা
অক্ষরে আসে না সেই কথকতা।।

যায় কি মোছা সব স্মৃতির পাতা
পরানের গহীনে যে পরানগাথা
এলোঝড়ে ভাঙে সেই নীরবতা।।

যায় কি আাঁকা সব প্রেমের ছবি
অন্তরে জ্বলে যে হৃদয় রবি
মনবনে বাড়ে সেই তরুলতা।।

শেখ জলিল ১০.০৩.২০১৭



Saturday, March 4, 2017

পাগল করে ভ্যাঁ ভ্যাঁ

পাগল করে ভ্যাঁ ভ্যাঁ
ছাগল করে ম্যাঁ ম্যাঁ
ইউটিউবে গান শুনে যাই
বাংলা গানের ট্যাঁ ট্যাঁ।।

তাল লয়ে নেই মিউজিক
সুরের প্যালাস্টিক
নয় তো আসল সবই নকল
গান বাজে ঠিক ঠিক
সেতার বাঁশি বাজায় না কেউ
কী বোর্ডে স্বর ঘ্যাঁ ঘ্যাঁ।।

কণ্ঠ সুরের বোলচাল
কথার কী যে হাল
ভিডিওতে নাচন কোদন
শিল্পী সে বিশাল
মিডিয়াতে পেলেই খবর
বলছে সবাই হ্যাঁ হ্যাঁ।।

শেখ জলিল ০৪.০৩.২০১৭

Photo Credit: Google Image

Tuesday, January 17, 2017

চুপচাপ নিশ্চুপ

১.
চুপচাপ নিশ্চুপ
বলো কানে কথা
জানালায় চোখ আছে
বাতাসে বহতা
তুমি আমি বাঁধি চলো
প্রাণে কথকতা।।

হাতখানি রাখো হাতে
ঠোঁটখানি ঠোঁটে
যতক্ষণ ঐ প্রভাতে
সূর্য না ওঠে
তুমি আমি গড়ি চলো
প্রেমে অমরতা।।

ভালোবাসা বেশি দামী
জীবনের চেয়ে
যায় নাকো দিবাযামী
একা তরী বেয়ে
হৃদয়ের মিলনেতে
বাড়ে আকুলতা।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

২.
প্রিয় কথা, প্রিয় গান
প্রিয় কবিতায়
তোমারই ভাবনা জমা
ডায়েরি-খাতায়
লুকাতে পারি না তারে
কোনো ভণিতায়।।

সব লোকে শুধু বলে
আমি যে পাগল
লিখা কথা রাখে ধরে
বুকেরই আগল
তোামার ঐ আঁকা ছবি
মনেরই পাতায়।।

যতদিন বেঁচে আছি
মাটিতে ধরায়
তোমার ঐ প্রেম যেন
প্রাণেতে জড়ায়
মরে গেলেও ফিরে চাই
একই মমতায়।।

শেখ জলিল ১৭.০১.২০১৭

Photo Credit: Google Image

Friday, December 16, 2016

আমি হাজার বছর পথ চলে

আমি হাজার বছর পথ চলে
দাঁড়িয়েছি এই সমতল আর বরেন্দ্র অঞ্চলে
ছিলো কত নাম গৌঢ়, হরিকেল, সমতট, বঙ্গদেশ
যুদ্ধে, সংগ্রামে পেয়েছি শেষে সোনার বাংলাদেশ।।

করেছে শাসন পাল সেনাদল
করেছে শোষণ তুর্কী-মোগল
এসেছে বর্গী, লুটেছে পাকিস্তান
তবু বাংলা মায়ের দামাল ছেলেরা
দেয়নি তাদের স্থান
মুক্তিযুদ্ধে সমুখ সমরে পরেছে বীরের বেশ।।

রেখেছি দুহাত সবার হাতে
মানিনি বারণ ধর্মভেদে
গড়েছি স্বদেশ দিয়ে এই মনোপ্রাণ
আজও রাখবো তেমন সোনার এ দেশের
উচ্চেতে সম্মান
থাকবে না আর ধনী-গরিবে কোনো হিংসা লেশ।।

শেখ জলিল ০৬.১২.২০১৬