Wednesday, August 19, 2015

আমি হয়েছি ফতুর

আমি হয়েছি ফতুর
শুধু তোমাকে ভালো বাসতে না বাসতেই
তুমি হয়েছো চতুর
পাশে সহসা ফিরে আসতে না আসতেই!
তাই হয়নি তোমাকে পাওয়া
মোহনার পানে যাওয়া-
সুখের জোয়ারে প্রেমে ভাসতে না ভাসতেই।।

আমি হয়েছি আউল
যতো তোমাকে নিয়ে
তুমি করেছো বাউল
ততো বিরহ দিয়ে
তাই হয়নি তোমাকে ছোঁয়া
জমেনি কল্প ধোঁয়া
মনের আনন্দে সুখে হাসতে না হাসতেই।।

আমি হয়েছি পাগল
যতো তোমাকে চেয়ে
তুমি গড়েছো আগল
ততো আড়াল পেয়ে
তাই হয়নি মিলনে মালা
বাসরে ভরে ডালা
বুকের জমানো ব্যথা নাশতে না নাশতেই।।

শেখ জলিল  ১৮.০৮.২০১৫

Monday, August 10, 2015

যখন থাকবে না কেউ পাশে তোমার

যখন থাকবে না কেউ পাশে তোমার
থাকবে দেহ-মন
মাটির দেহে স্রষ্টা সবার
সঙ্গী বিরাজন
তাই সময় থাকতে করো রে মন
তারই নাম স্মরণ
করো তারই প্রেম সাধন।।

ভাই বলো বন্ধু বলো
রইবে না কেউ পাশে
দুর্দিনেতে কাছের স্বজন
মুখ ফিরিয়ে হাসে
তাই রঙ্গ ছেড়ে সঙ্গ ধরো
আত্মার অনুরণ।।

ধন বলো দৌলত বলো
থাকবে না তার শোভা
জলিল বলে সবই যে ছাই
নিভলে আলোর প্রভা
তাই কালো মুছে আলো করো
হৃদয় অনুক্ষণ।।

শেখ জলিল  ১০.০৮.২০১৫



Wednesday, August 5, 2015

একটু একটু করে

একটু একটু করে
এ বুকের অন্দরে
তুমি দিয়েছো দোলা
তোমাকে পাওয়ার পর
খুশিতে এ মন
হয়েছে আত্মভোলা-
তুমি দিয়েছো দোলা
করেছি মনের দুয়ার খোলা।।

একটু একটু করে
আরও কাছে এসে
অবুঝ এ মনটাকে
গেছো ভালোবেসে
অনেক বাধার পাহাড় ভেঙে
হয়েছে দুঃখ ভোলা
ভরেছি অথই সুখের গোলা।।

একটু একটু করে
আরও চোখে চেয়ে
সুখেরই আনন্দে
গিয়েছি হারিয়ে
অনেক কথার স্বপ্নগাথা
হয়েছে সবই বলা
গড়েছি আসল জীবন চলা।।

শেখ জলিল ০৫.০৮.২০১৫

Thursday, July 9, 2015

ইচ্ছেমতি মেয়ে তুমি

ইচ্ছেমতি মেয়ে তুমি কীসের সুবাস পাও
আলতো পায়ে চুপি চুপি শাল পিয়ালে যাও।।

দেখছি তোমার রূপের মায়া
সোনাবরণ মুখের কায়া
বুকের আঁচল দেয় সরিয়ে দুষ্টু বাতাস বাও।।

শুনছি তোমার গানেরই সুর
ঝরণা তালে বাজছে নূপুর
পাহাড় বুকে কলকলিয়ে ঘুম ভাঙিয়ে দাও।।

ভাবছি তোমায় রোজ প্রভাতে
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
বনপ্রবাসে যায় উড়ে ঐ ভাবনা মেঘের নাও।।

শেখ জলিল ০১.০৭.২০১৫



Monday, June 29, 2015

হায়রে প্রবাসে

হায়রে প্রবাসে-
বন্দী খাঁচায় পরান আমার
ছটফটাইয়া মরে
প্রাণের প্রিয় দেশের কথা
শুধু্ই মনে পড়ে।।

দেখি না সেই মায়েরই মুখ
হাসিমাখা হাজারও সুখ
ভাইয়ের আদর, বোনের সোহাগ
নেইকো কোনো রাগ-অনুরাগ
এই পোড়া প্রান্তরে।।

শুনি না সেই রাখালি সুর
উজান মাঝির কণ্ঠ মধুর
দোয়েল পাখির গানের সাথে
গায় না বাউল নদীর ঘাটে
সুর তুলে একতারে।।

শেখ জলিল      ০৭.০৫.২০১২

Friday, June 5, 2015

মানুষে কোরো না অবহেলা

মানুষে কোরো না অবহেলা
দেখবে ঘোর কাটিলে অবেলা
সেই মানুষই সঙ্গী হবে
যখন তুমি একেলা।।

সুখের সঙ্গী সকলে হয়
দুখের সঙ্গী নয়
ভালোবাসা যায় হারিয়ে
যখন অভাব বয়
তোমার দুর্দিনেরই বন্ধু চিনো
খুললে মনের জানালা।।

আজ মরলে কাল দুদিন হবে
গুণিজনে কয়
সোনার দেহ পচেগলে
হয়ে যাবে ক্ষয়
তোমার মানবধর্ম জমা রেখো
হৃদয় জুড়ে উজালা।।

ভাবছে বসে শেখ জলিলে
কোথায় কীসে সুখ
সিদ্ধিলাভে মানবজীবন
ধরাতে বিমুখ
শুধুই হিংসা-লোভে- দ্বিধা-দ্বন্দ্বে
বাড়ছে পাপের ডালপালা।।

শেখ জলিল ০৬.০৬.২০১৫




Thursday, May 28, 2015

যতোই বন্ধু বলো স্বজন বলো

যতোই বন্ধু বলো স্বজন বলো
মানুষ ধরায় একা
অভাব যখন কড়া নাড়ে
হয় না কারুর দেখা
তোমার সকল বন্ধ কপাল মন্দ
যায় না ভাগ্য লেখা।।

ধনেমানে ধনী তুমি
ভরে যাবে স্বপ্নভূমি
দূরের বন্ধু কাছের হবে
পেরিয়ে বিষুব রেখা।।

বুকপকেটে ফাঁকা তুমি
প্রিয় জুলি ছাড়বে রুমি
ঘোর বরষায় হঠাৎথামবে
সুরের কুহু-কেকা।।

শেখ জলিল ২৭.০৫.২০১৫