Thursday, July 9, 2015

ইচ্ছেমতি মেয়ে তুমি

ইচ্ছেমতি মেয়ে তুমি কীসের সুবাস পাও
আলতো পায়ে চুপি চুপি শাল পিয়ালে যাও।।

দেখছি তোমার রূপের মায়া
সোনাবরণ মুখের কায়া
বুকের আঁচল দেয় সরিয়ে দুষ্টু বাতাস বাও।।

শুনছি তোমার গানেরই সুর
ঝরণা তালে বাজছে নূপুর
পাহাড় বুকে কলকলিয়ে ঘুম ভাঙিয়ে দাও।।

ভাবছি তোমায় রোজ প্রভাতে
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
বনপ্রবাসে যায় উড়ে ঐ ভাবনা মেঘের নাও।।

শেখ জলিল ০১.০৭.২০১৫



Monday, June 29, 2015

হায়রে প্রবাসে

হায়রে প্রবাসে-
বন্দী খাঁচায় পরান আমার
ছটফটাইয়া মরে
প্রাণের প্রিয় দেশের কথা
শুধু্ই মনে পড়ে।।

দেখি না সেই মায়েরই মুখ
হাসিমাখা হাজারও সুখ
ভাইয়ের আদর, বোনের সোহাগ
নেইকো কোনো রাগ-অনুরাগ
এই পোড়া প্রান্তরে।।

শুনি না সেই রাখালি সুর
উজান মাঝির কণ্ঠ মধুর
দোয়েল পাখির গানের সাথে
গায় না বাউল নদীর ঘাটে
সুর তুলে একতারে।।

শেখ জলিল      ০৭.০৫.২০১২

Friday, June 5, 2015

মানুষে কোরো না অবহেলা

মানুষে কোরো না অবহেলা
দেখবে ঘোর কাটিলে অবেলা
সেই মানুষই সঙ্গী হবে
যখন তুমি একেলা।।

সুখের সঙ্গী সকলে হয়
দুখের সঙ্গী নয়
ভালোবাসা যায় হারিয়ে
যখন অভাব বয়
তোমার দুর্দিনেরই বন্ধু চিনো
খুললে মনের জানালা।।

আজ মরলে কাল দুদিন হবে
গুণিজনে কয়
সোনার দেহ পচেগলে
হয়ে যাবে ক্ষয়
তোমার মানবধর্ম জমা রেখো
হৃদয় জুড়ে উজালা।।

ভাবছে বসে শেখ জলিলে
কোথায় কীসে সুখ
সিদ্ধিলাভে মানবজীবন
ধরাতে বিমুখ
শুধুই হিংসা-লোভে- দ্বিধা-দ্বন্দ্বে
বাড়ছে পাপের ডালপালা।।

শেখ জলিল ০৬.০৬.২০১৫




Thursday, May 28, 2015

যতোই বন্ধু বলো স্বজন বলো

যতোই বন্ধু বলো স্বজন বলো
মানুষ ধরায় একা
অভাব যখন কড়া নাড়ে
হয় না কারুর দেখা
তোমার সকল বন্ধ কপাল মন্দ
যায় না ভাগ্য লেখা।।

ধনেমানে ধনী তুমি
ভরে যাবে স্বপ্নভূমি
দূরের বন্ধু কাছের হবে
পেরিয়ে বিষুব রেখা।।

বুকপকেটে ফাঁকা তুমি
প্রিয় জুলি ছাড়বে রুমি
ঘোর বরষায় হঠাৎথামবে
সুরের কুহু-কেকা।।

শেখ জলিল ২৭.০৫.২০১৫




Wednesday, May 20, 2015

নীলিমার সব নীল দিয়ে

নীলিমার সব নীল দিয়ে
ভরিয়ে দিলাম দিগন্ত
ফাগুনের সব রং নিয়ে
ছড়িয়ে দিলাম বসন্ত
তুমি খুলবে কখন বলো চোখের পাতা
লজ্জার হবে শেষ অন্ত।।

ফুটবে যখন গোলাপ কলি
হৃদয়ে ছড়াবে ঘ্রাণ
গাইবে সুরে বনের কোকিল
বাজিয়ে বসন্ত তান
তুমি হৃদয় আসন রেখো পেতে
জীবন সাথী অনন্ত।।

বইবে যখন দখিন হাওয়া
আকাশে ভাসবে মেঘ
উঠবে ভরে গানেরই খাতা
কবিতার সব ভাবাবেগ
আমি আঁকবো তোমার রূপের কায়া
হাজার ছবি প্রাণবন্ত।।

শেখ জলিল    ১৮.০৫.২০১৫

Saturday, May 16, 2015

আমি আর আসবো না ফিরে

আমি আর আসবো না ফিরে
কাশফুল ঝাউবন ঘেরা নদী তীরে-
তাকাবো না ঐ চোখে ভুল করে
ধুলোমাটি পথে শুধু ঘুরেফিরে।।

লৌহজঙ্গ নদীও ঠিক তেমনি রবে
রাখবে না মনে কেউ ছিলাম কবে
আমিও বেসেছি ভালো হৃদয় দিয়ে
ডাগর নয়ন শ্যামা মেয়েটিরে।।

সন্ধ্যা ঘনিয়ে এলে সুনীল ছায়ে
ছুটবে ভরা তরী পাল উড়ায়ে
মিটিয়ে সকল দেনা হঠাৎ করে
ফিরবো তখন আমি অচিন নীড়ে।।

শেখ জলিল        ১৩.০৫.২০১৫

Tuesday, May 12, 2015

আমায় ডাকবে না কেউ

আমায় ডাকবে না কেউ আদর করে
খোকন সোনা বলে
আসবে না কেউ মান ভাঙাতে
মিষ্টি কথা বলে
মা যে আমার চলে গেছেন
তারার দেশের কোলে
পাই না খুঁজে কোথাও তারে
খুঁজি পলে পলে!
মাগো মা ওগো মা-
তোমার মতোন নেই যে কোথাও
নেই কো তুলনা।।

বলবে না কেউ খাবার খেতে
যখন বেলা হয়
ভাববে না কেউ- যাস নে দূরে
আমার লাগে ভয়
খুঁজবে না কেউ সন্ধ্যা হলে
বাড়িয়ে পথে পা।।

ধরবে না কেউ জড়িয়ে বুকে
হঠাৎ কাছে পেলে
জাগবে না কেউ পাশে বসে
রোগের কষ্ট হলে
বলবে না কেউ পরীর গল্প
ছড়িয়ে উপমা।

শেখ জলিল ১০.০৫.২০১৫