Thursday, April 9, 2015

একদিন অবেলায় মরণ এসে

একদিন অবেলায় মরণ এসে
সবকিছু কেড়ে নিয়ে যাবে দিন শেষে
প্রেমের বাঁধনে শুধু বিরহে ভেসে
তবু তোমাকেই যাবো ভালোবেসে।।

তোমার সুখের রং, রূপের ছবি
আমার হৃদয় পাতা এঁকেছে সবই
সেই ছবি রং নিয়ে থাকবো আমি
আকাশে ভেসে।।

তোমার গানের সুর, মুখের ভাষা
মরণ হলেও পরে জাগাবে আশা
সেই আশা বুকে নিয়ে রইবো আমি
মাটিতে মিশে।।

শেখ জলিল  ০৯.০৪.২০১৫

Friday, March 6, 2015

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা

মন তুই, খুঁজলি নারে আলোর দিশা
রইলি ভবের মায়ায় ভুলে
রং বেরঙের বর্ণমালা
পড়লি না বই পাতা খুলে-
তুই গেলি না সে ইস্কুলে।।

গুরু-শিষ্যের মাঝে যে এক
ভাবের মহাজন
হেলায় হেলায় হারাইলি সে
সোনার মূল্য ধন
তারা সিদ্ধিলাভে পার হইয়া যায়
সেই জ্ঞানসমুদ্রের কূলে।।

ভবের মায়া বিষম মায়া
যায় না ভোলা টান
শেখ জলিলের জীবন কাটে
সংসারে বিরান
এখন নিদানকালে যাবে কি তার
সেই দিব্য চক্ষু খুলে।।

শেখ জলিল  ০৬.০৩.২০১৫

Thursday, January 29, 2015

কান্দে নয়ন কান্দে এ মন

কান্দে নয়ন কান্দে এ মন
কান্দে বুকের অন্তর
আমায় ছাইড়া কোথায় রে তুই
বাঁধলি সুখের ঘর
আমি হইলাম তোরই পর।।

কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর ধারা
তোর বিরহে উদাস দুপুর
সাঁঝের চন্দ্রতারা
আমি রইলাম মাটির 'পর
হইয়া যে এক পাথর।।

কান্দে পাখি চখাচখি
বংশী নদীর তীরে
কান্দে পানি শৈল্লা বিলে
শাপলা-শালুক ঘিরে
আমি হইলাম যে দোসর
বাউলাতে দিনভর।।

শেখ জলিল ০৬.০১.২০১৫

Wednesday, January 14, 2015

এই বাউল-পাগল মন

এই বাউল-পাগল মন
করে তোমাকে স্মরণ
সারাটা ক্ষণ যখন তখন
ভাবের আলোড়ন-
এই প্রেমের-উথাল মন
করে তোমাকে বরণ
সারাটা ক্ষণ যখন তখন
সুখের আয়োজন-
তুমি থেকো আমার কাছে
এই ধরাতে যতোটা দিন
বুকের পরাণ বাঁচে।।

থেকো পোষা পাখি হয়ে
হৃদয়ের খাঁচায়
ডেকো প্রিয় নামটি ধরে
মনটা যখন চায়
আমি আসবো তোমার ডাকে
জীবন নদীর বাঁকে
ঐ আকাশে যতোটা দিন
চন্দ্র-সূর্য আছে।।

এসো বুকের ফুল-ফাগুনে
বসন্ত হাওয়ায়
বেসো ভালো মনের মতো
মনটা যেমন চায়
তুমি আইসো মনেপ্রাণে
অথই প্রেমের টানে
এই বসতে যতোটা দিন
সুখের পাখি নাচে।।

শেখ জলিল ১০.১২.২০১৪


Monday, January 5, 2015

ভুল করে কখনও বলবো না

ভুল করে কখনও বলবো না আমি
তুমিই ছিলে আমার
বেঁধেছিলে বাসা এই বুকের গহিন
জাগিয়ে স্বপ্নবাহার
এক যুগ কাটিয়েছো পাশাপাশি হেঁটে
দুজনে করেছি বাস শ্যামলে একই সাথে
ভুল করে কখনও বলবো না আর।।

কষ্ট এলে দেখিয়ে দুপাটি দাঁত
হাসবো যে দিবাযামী
ভেবো না কখনও নষ্ট হবো
কষ্টের কারণে আমি
কাল-বৈশাখী শেষে যেমন গোছায় ঘর
সুদক্ষ কৃষক
তেমনি গোছাবো নিবাস প্রতিটাবার
ঝঞ্ঝায় গুড়ানো সব
ভেবো না সেদিনে ডাকবো আবার।।

এমন তো হতে পারে সুখের চেয়েও
আছে বেশি সুখ
ভেবো না কখনও সেই তুমিহীনা
শূন্যতা ভরবে বুক
ভুল করে বলবো না ছিলে তুমিই জীবন
শেষ ভালোবাসা
আলো বা আঁধারে প্রতি দিনরাতে
পাঁজরে বেঁধেছো বাসা
ভুল করে ভুলেও ভাববো না আর।।

শেখ জলিল            ০৪.০১.২০১৫

Saturday, December 27, 2014

সত্য কি আর থাকে গোপন

সত্য কি আর থাকে গোপন
যখন মানুষ হারে প্রেমে
যেমন মেঘের কান্না দেয় জানিয়ে
ঝড়-বৃষ্টিতে থেমে।।

দৃষ্টি কি আর হয় গো আড়াল
মুখ লুকালে সাঁঝে
ঠোঁটের ভাষা দেয় বুঝিয়ে
দুঃখ-কথার মাঝে
চরণ যে তার থেমে থাকে
প্রেমের পথে নেমে।।

কষ্ট কি আর হয় গো লেপন
পুড়লে কারও ছবি
মনের ভেতর আঁকা থাকে
প্রতিচ্ছবি সবই
স্মৃতি যে তার জমা থাকে
বুকের বাঁধা ফ্রেমে।।

শেখ জলিল ২৭.১২.২০১৪

Saturday, December 13, 2014

দুঃখের দরদী কোথা পাই

দুঃখের দরদী কোথা পাই
সুখে আসে ঝাঁকে ঝাঁক
নিদানের বন্ধু নাই।।

বিশ্বাসে যার কাছে
পাতি দুই হাত
সে বলে প্রেমের মরা
যাওনা তফাৎ
আমার হৃদয়ের এতো দাগা
কেমনে সরাই।।

অন্তরে যার গড়া
নিদয়া পাষাণ
কী করে পাবো বলো
তার প্রতিদান
আমার মিলনের এতো বাধা
কেমনে ত্বরাই।।

শেখ জলিল   ১৭.১১.২০১৪