Wednesday, November 13, 2013

মিশে যাও মানুষে

মিশে যাও মানুষে
যদি বন্ধু পেতে চাও
কে আসল কে নকল
মুখোশ দেখে নাও
দেখো আকাশে বাতাসে ভাসে
অবিশ্বাসের বাও।।

বুঝবে না তুমি বুঝবে না
কাছে থাকলেও শত
কার হৃদয়ে তেতো বিষ
বিশ্বাস ভঙের ক্ষত
তাই হাতের নাগালে যাও চলে
পাঁজরে পাঁজরটা মিলাও।।

জানবে না তুমি জানবে না
মনে জমা কতো খেদ
পকেটে লুকানো ছুরি
করতে পারে বুক ভেদ
তাই চোখের গভীরে দেখো চেয়ে
নজরে নজরটা মিলাও।।

শেখ জলিল    ১৩.১১.২০১৩
 

Tuesday, October 29, 2013

আমরার আবু কান্দে রে

আমরার আবু কান্দে রে
আম দিতাম কাঁডল দিতাম
পথো পথো খাইতো।।

আমরার আবু কান্দে রে
নাইকা হূতির পিরান
ঘাইম্মা ওডে নরম শরীল
লইও এট্টু জিরান
তালের একখান পাহা দিতাম
হউরী বাতাস দিতো।।

আমরার আবু কান্দে রে
হাতো দইয়ের খুডি
থইলার ভিতরে গুয়া মুড়ি
চ্যাপা শুটকি পুডি
গানের একখান ঘাডু দিতাম
নাইচ্চা গাইয়া নিতো।।

আমরার আবু কান্দে রে
লইয়াম সোনার পুরী
ভাটির দ্যাশের রাজার কন্যা
নাইকা রূপের জুড়ি
তাঁতের একখান শাড়ি দিতাম
তারেই পরাই দিতো।।

শেখ জলিল   ০৯.১০.২০১৩

Monday, September 30, 2013

ছাতিম গাছের মাথায় কাক

ছাতিম গাছের মাথায় কাক
কা-কা রবে পাড়ছে ডাক
খোকন সোনার বিয়ে দেবো না
কনের বায়না নেবো না।
বাঁশের ঝাড়ে বকের ছা
যা বগি তুই দূরে যা
খোকার দিকে নজর দিও না
শখের খেলনা নিও না।।

আসবে ছুটে রাজার ঘোড়া
মোদের ঘোড়াশালে
পালকি নিয়ে ছয় বেহারা
হাঁটবে দুলকি চালে
ঘটক বাবুর মাথায় টাক
বাজবে ঢোলক বিয়ের ঢাক
খোকার বারাত ফিরে চেয়ো না
তোমরা দুঃখ পেয়ো না।।

বাড়ির পাশে তেঁতুল গাছে
কুটুম বাসা বাঁধে
আড়বাঁশিতে খোকন সোনা
শ্যামের গীতি সাধে
রাইবিনোদীর বেজায় রাগ
হঠাৎ করে থামলে ঢাক
তোমরা স্তব্ধা খেও না।।

শেখ জলিল  ০৭.০৯.২০১৩

Tuesday, August 27, 2013

ও মন ঘর যদি প্রশান্ত

ও মন ঘর যদি প্রশান্ত তোমার
দুনিয়া হবে স্বর্গ
ঘরের কোণেই চার নয়নে
দুই হৃদয়ের বর্গ।।

দেখবে যদি দুনিয়াটাকে
ঘরকে দেখো সবার আগে
কোঠায় কোঠায় নকশী আঁকা
হৃদকলমের দাগে।
আবার অযত্নে সব রত্নহারা
অচল সোনার মর্গ।।

ভাববে যদি দূর সন্ন্যাসে
ঘরকে রাখো মনের বাসে
নিজ নিবাসে ঠিক করে নাও
প্রেম হৃদয়ের পাশে।
আবার ঘরেই দেখো বিরানভূমি
ভুল মানুষের চর গো।।

শেখ জলিল    ২৭.০৮.২০১৩

Thursday, August 15, 2013

এই ধরাতে এসে

এই ধরাতে এসে মানুষ শুধু একা
বিশ্বাস মাঝে বিশ্বাস রুয়ে
চিবুকের সাথে চিবুক ছুঁয়ে
খণ্ডিত হয় ভাগ্যরেখা
সব যাপিত দিনের লেখা।।

নিজ পাঁজরের হাড় ঘষে
বানালে যে কৃষ্টি
কষ্ট শেষে হবে তোমার
সবই অনাসৃষ্টি
বিশ্ব খুঁজে পাবে না আর
সেই স্বজনের দেখা।।

ভুল মানুষের মন খুঁজে
হারালে যে দৃষ্টি
অন্ধ চোখে হবে না আর
নতুন আলো সৃষ্টি
যাত্রাশেষে ডাকবে মরণ
অচিন পথের রেখা।।

শেখ জলিল   ১৫.০৮.২০১৩

Tuesday, July 23, 2013

আমি এই শহরের সব ঘরে ঘরে

আমি এই শহরের সব ঘরে ঘরে
আগুন জ্বালিয়ে দেবো
আমার প্রেমের অপমানের
প্রতিশোধ নেবোই নেবো
আমি মানবো না পরাজয়
মনে জ্বলছে বরাভয়।।

ভেবো না তুমি হবো দেবদাস
নিজেকে করবো ধ্বংস
তোমার প্রেমিক সন্ধানীদের
করে দেবো নির্বংশ
আমায় হারানো সহজ নয়
জানি আমারই হবে জয়।।

ভেবো না তুমি বিরহে তোমার
বুকে পাথর চেপে রাখবো
তোমার পাপের শেষ না দেখে
আঁধারে দু’চোখ ঢাকবো
সেদিন আসবে যে নিশ্চয়
যেদিন প্রেমেরই হবে জয়।।

শেখ জলিল  সেপ্টেম্বর, ২০০৫

Wednesday, July 10, 2013

কতোটুকু পায় মানুষ

কতোটুকু পায় মানুষ
দুহাতে উড়ায়ে ফানুস-
যাপিত জীবন শেষে মৃত্যু-বেদনা ছাড়া
আরও বেশি, বেশি কিছু আছে কি?।

যতোটুকু প্রাপ্তি তার শৈশব-কৈশোরে
তারও বেশি সে হারায় বৃদ্ধে ও প্রৌঢ়ে
হারানোর ব্যথা ছাড়া সুখেরই পরশে
বুকের পাঁজরে প্রাণ বাঁচে কি?।

যতোটুকু সন্ধি তার যৌবনে বন্ধনে
তারও বেশি আলোড়ন বিরহ ক্রন্দনে
মিলনের জ্বালা ছাড়া রাতেরই প্রহরে
অযাচিত সুখ কেউ যাচে কি?।

শেখ জলিল        ০৯.০৭.২০১৩