Saturday, April 13, 2013

ছয় ঋতুতে ছয়টি রূপে


ছয় ঋতুতে ছয়টি রূপে
সাজে কোন্ সে দেশ
শুনছো নি সেই দেশেরই নাম
রূপের বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ।।

গ্রীষ্ম এলে মিষ্টি ফলে
ভরে সবার মুখ
বর্ষা তুখোড় বৃষ্টি মুখর
মনে ঝরায় সুখ
আবার শরৎকালে কাশের ফুলে
পরায় শুভ্র বেশ।।

হেম-হেমন্তে দিগ-দিগন্তে
ফসল কাটার ধুম
শীতের পিঠা মধুর মিঠা
নেয় যে কেড়ে ঘুম
আবার বসন্তেরই রং-বাহারি
ফুলের নেইকো শেষ।।

শেখ জলিল           ১৮.০৬.২০১২


Tuesday, April 9, 2013

এই সবুজ-শ্যামল দেশের বুকে

এই সবুজ-শ্যামল দেশের বুকে
প্রাণের মায়া রাশি রাশি
যেখানেই যাই যতো দূরে
বারবার ফিরে শুধু আসি
ও বাংলাদেশ, বাংলাদেশ
আমি তোমাকেই ভালোবাসি।।

চেয়ে দেখি কতো রং কতোনা ছবি
ঘুরে ঘুরে নানা দেশ সারা পৃথিবী
তবু প্রিয় পতাকা এই লাল-সবুজ
যখনই হই পরবাসী।।

তুমি যে আমার মা স্বদেশভূমি
যখনই কাছে পাই মাটিকে চুমি
মাগো তোমার বুকেতে জীবন-মরণ
আনন্দ-বেদনা-হাসি।।

শেখ জলিল      ০৯.০৪.২০১৩
 

Wednesday, April 3, 2013

দিকহারা ছেঁড়া পালে

দিকহারা ছেঁড়া পালে লেগেছে হাওয়া
ভাবছে হিসেবী মন চাওয়া-পাওয়া
ভুলেছে চলার পথ, ঢেউয়েতে উল্টো রথ
হবে না হবে না ছোট তরী বাওয়া।।

অদূরে প্রবাল দ্বীপ সবুজে ঘেরা
বন্দী পাখিটা বনে বেঁধেছে ডেরা
ইচ্ছে ঘুড়িটা তার নাটাই ছেঁড়া
দূরবীণ চোখে চোখ লক্ষ্মী টেরা
হয়েছে বিবাগী মন, দূরে চেয়ে অনুক্ষণ
হবে না হবে না প্রেমদ্বীপে যাওয়া।।

হাজারও কথার মিল জেগেছে সুরে
ছন্দ তুলেছে তান হৃদয়পুরে
দেখেছে কতোনা চেয়ে আসর ঘুরে
স্বপ্নছবিটা ছিলো দুচোখ জুড়ে
হেরেছে পাগল মন, শুনে তার অনুরণ
হবে না হবে না সুখছোঁয়া পাওয়া।।

শেখ জলিল         ০৩.০৪.২০১৩

Friday, March 22, 2013

খুব কষ্ট লাগে ভোরে

খুব কষ্ট লাগে ভোরে
অন্তরে পাঁজরে
যদি দেখি সব যাচ্ছে চলে
নষ্টের গহ্বরে!
মনুষ্য সমাজে কীট
খুলছে হিংসার গিঁট
দেয়ালে ঠেলছে পিঠ
দরিদ্র জনেরে।

খুব ব্যর্থ লাগে মনে
মননে স্বপনে
যদি বুদ্ধিজীবি বেশ্যা হয়
কথনে শ্রবণে!
যদি দেখি তার ধর্ম
যত হিংসা-দ্বেষ-বর্ম
সমাজের সারে কর্ম
নিরীহ দশেরে।

খুব দুঃখ লাগে প্রাণে
একাকী গোপনে
যদি দেখি কারো অবহেলা
দুচোখের কোণে!
প্রথম প্রেমের ফুল
ছিঁড়ে গেছে বৃন্তমুল
পেয়েছে সুখের কূল
মালা গেঁথে অন্যেরে।

খুব কান্না আসে চোখে
আঁধারে নিরলে
যদি বিশ্বাসের প্রেম ভাসে
সন্দেহের জলে!
যে আমার প্রিয়তমা
বার বার করে ক্ষমা
রেখেছি অন্তরে জমা
তার বিরহেরে।

শেখ জলিল   ১৪.০৩.২০১৩

Thursday, February 14, 2013

কিছু ভুল সময়ের ভালোবাসা

কিছু ভুল সময়ের ভালোবাসা
কিছু ভুল ক্ষণিকের কাছে আসা
করেছে হৃদয়টাকে বাউল
ঘরছাড়া এক পথিক বেভুল
বুকে প্রেম সর্বনাশা।।

কিছু হেলা আর অবহেলা
কিছু চাওয়া আর না-চাওয়া খেলা
গড়েছে জীবন কেড়েছে স্বপন
ডুবে ডুবে জলে ভাসা।।

কিছু স্মৃতি আর অপস্মৃতি
কিছু পাওয়া আর না-পাওয়া ভীতি
ডেকেছে মরণ রেখেছে স্মরণ
পটে পটে ছবি ঠাসা।।

শেখ জলিল      ১৪.০২.২০১৩

 

Monday, January 28, 2013

আয় লো সখি

আয় লো সখি দোলনায় দুলি
ভাবের আঙিনায়
ভাব জইমাছে সারা অঙ্গে
বুকের পিঞ্জিরায়
সখি, আয় লো কাছে যায়
ভাবের সময় চইলা যায়।।

ভাবে মইজা শ্যামে রাধার নামে
হইলো দিশেহারা
আমি কী আর চাই বাঁচিবার
তোরই সঙ্গ ছাড়া
প্রেমের উথাল হাওয়া সকল চাওয়া
সখি তোরে চায়।।

প্রেমে ইউসুফ নবী পেলো যে কী
রূপ জুলেখার মাঝে
দুনিয়াদারী পরপারই
ভুইলা গেলো সাঁঝে
মনের ভাবের গতি প্রেমের রীতি
বোঝা বিষম দায়।।

শেখ জলিল ২৩.০১.২০১৩

Sunday, December 30, 2012

আমার হৃদয়ে ঢেউ

আমার হৃদয়ে ঢেউ নিলো না কেউ
ভালোবাসার দামে
দয়াল দিও অধম পুন জনম
এইনা মাটির ধামে
আমি বাঁধবো সদাই মনের লাটাই
প্রেম সঁপেছি যার নামে।।

আমি করলাম যার ঘর মাস ও বছর
একই ছাদের নিচে
হায় মনের আশা সব দূরাশা
ভাবনা হলো মিছে
আমার সাধের মিলন ব্যর্থ স্বপন
কর্মবিধি বামে।।

আমি ধরলাম যার হাত দিবস ও রাত
পথের চলার ধারে
হায় সঙ্গের সাথী করলো ক্ষতি
ভাঙলো হৃদয়টারে
আমার পোড়কপালে নিদানকালে
কষ্ট দিবাযামে।।

শেখ জলিল       ১৭.১২.২০১২