Sunday, December 30, 2012

আমার হৃদয়ে ঢেউ

আমার হৃদয়ে ঢেউ নিলো না কেউ
ভালোবাসার দামে
দয়াল দিও অধম পুন জনম
এইনা মাটির ধামে
আমি বাঁধবো সদাই মনের লাটাই
প্রেম সঁপেছি যার নামে।।

আমি করলাম যার ঘর মাস ও বছর
একই ছাদের নিচে
হায় মনের আশা সব দূরাশা
ভাবনা হলো মিছে
আমার সাধের মিলন ব্যর্থ স্বপন
কর্মবিধি বামে।।

আমি ধরলাম যার হাত দিবস ও রাত
পথের চলার ধারে
হায় সঙ্গের সাথী করলো ক্ষতি
ভাঙলো হৃদয়টারে
আমার পোড়কপালে নিদানকালে
কষ্ট দিবাযামে।।

শেখ জলিল       ১৭.১২.২০১২

Saturday, December 22, 2012

আমি চাইলাম যারে হইলো নারে

আমি চাইলাম যারে হইলো নারে
দিব্যচোখে দেখা
পুষলাম শুধু হৃদ মাঝারে
ভবের মাঝে একা।।

আমার যৌবন গেলো মৌবন গেলো
যারই সোহাগ চেয়ে
সে জন রইলো দূর আকাশে
তারারই ফুল হয়ে
আমি কেমনে মিলাই পূর্ণিমা রাত
জোস্না চাঁদের রেখা।।

আমার সম্বল গেলো কম্বল গেলো
দারুণ শীতের মাঘে
জ্বললো খরা সাধের ভিটায়
চৈতেরই নিদাঘে
আমি কেমনে কাটাই বিধির বিধি
এই কপালের লেখা।।

শেখ জলিল     ২২.১২.২০১২

Monday, December 17, 2012

আমার নাই রে কোনো ঘর

আমার নাই রে কোনো ঘর
বুকে বাউলের অন্তর
পরকে যেমন করি আপন
আপন করি পর।।

আমার নাই রে দুঃখ
নাই রে কাঁদন
একতারাতে সুখের রোদন
বাজে দিবারাতি
পথের মাঝে পথের রথী
হয় রে চোখের জ্যোতি-
আমার যাত্রা নিরন্তর।।

আমার নাই রে মানিক
নাই রে রতন
হৃদ মাঝারে করবো যতন
প্রেমরাঙা মণি
মনের মাঝে মনরাগিনী
জাত-কূল হরণী-
আমার কষ্ট  জীবনভর।।

শেখ জলিল   ১৪.১২.২০১২


Monday, November 19, 2012

হায় রে সোনার দেশ

আমার মায়ের আদর ছাইড়া আইলাম
হায় রে সোনার দেশ
বাঁচার তরে খুঁইজা পাইলাম
এই প্রবাসী বেশ-
আমার যায় না কষ্ট জীবন নষ্ট
দুঃখের নাই রে শেষ।।

হাতের কাছে ছিলো স্বজন
চিন্তা ছিলো না
এই প্রবাসে যন্ত্র-জীবন
সময় দিলো না
কেমনে দেখি মায়েরই মুখ
হাজার সোহাগ শান্তিরই বুক
স্বপ্ন-সুখ-আবেশ।।

বুকের মাঝে ছিলো আশা
গল্প সূচনা
ভালোবাসার মায়ায় ঘেরা
কল্প রচনা
কেমনে পাবো নীড়ছোঁয়া প্রেম
অমূল্য সেই সুখ চারু হেম
মগ্ন-সুর-অশেষ।।

শেখ জলিল   ১৯.১১.২০১২

Wednesday, November 7, 2012

তুমি আইসো বন্ধু

তুমি আইসো বন্ধু খাইও মুখে
বাটাভরা পান
তোমার তরে হৃদয় উদাস
আকুলও পরান
তুমি আইসো সোনার চান
খাইও বাটাভরা পান।।

এই মাটির গাছে লাউ ধইরাছে
বড়োই সোহাগিনী
লাউয়ের পিছে ঘুরছে সবাই
ভাবছে কলংকিনী
তুমি লাউয়ের হইও মান
গাইও ডুগডুগিতে গান।।

ঐ মাঠের ধারে বংশী বাজায়
শ্যামনগরের কালা
বুকের মাঝে ছটফটানি
ভাঙ্গে মনের তালা
তুমি রাধার হইও প্রাণ
যাইও বৃন্দাবনের ধাম।।

শেখ জলিল    ০৪.১১.২০১২

Saturday, November 3, 2012

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে
ঘাসফুল ভিজে যায় শিশিরে
তুমি আসো বারবার শুধুই ফিরে
পুরনো স্মৃতির সেই আঙিনা ঘিরে।।

খেয়াঘাট বটতলা তেমনি আছে
সেই তুমি নেই শুধু আমার পাশে
হাতে হাত ধরে চলা  চুপকথা চুপ
থেমে গেছে গানে সুর জীবনের রূপ
পাবো কি পাবো সেই হাসি মুখ ফিরে
হারিয়েছি যাকে শত হেলার ভিড়ে।।

বন্ধুর সাথে আড়ি প্রেম কাতরে
সেই তুমি গেলে তবু অচেনা করে
কেটে গেছে কতো দিন ঘাটের খেয়ায়
একবার দেখতে যে শুধুই তোমায়
পাবো কি পাবো সেই দিনগুলো ফিরে
হারিয়েছি যাকে চেনা সুখের নীড়ে।।

শেখ জলিল       ৩০.১০.২০১২

Thursday, October 25, 2012

মনটা কঠিন পাথর তো নয়

মনটা কঠিন পাথর তো নয়
সকল আঘাত সইবে
পাহাড় সমান ব্যথার বোঝা
একলা একা বইবে।
তুমি ভুল করে যাবে
বুকের মন ভেঙে দেবে
ভাবছো কেন তবু এ মন
তোমার কথাই কইবে?।

তুমি অন্তরে উদাস
সাধের প্রেমকে করো নাশ
অমাবশ্যার চাঁদ হয়ে যাও
বছর বারো মাস।
যখন পূর্ণিমা হবে
হঠাৎ সুখ অনুভবে
হারা শশীর জোস্না কী আর
তোমার তরেই রইবে?।

তুমি উল্লাসে কাতর
আপন সন্ধানে বিভোর
কারো ব্যথায় হৃদয় তোমার
খুললো নারে দোর।
যখন সব কিছু যাবে
শুধুই শূন্যতা খাবে
সুখের সাথী সেদিন কী আর
তোমার দুঃখ বইবে? ।

শেখ জলিল                ২৫.১০.২০১২