Monday, November 19, 2012

হায় রে সোনার দেশ

আমার মায়ের আদর ছাইড়া আইলাম
হায় রে সোনার দেশ
বাঁচার তরে খুঁইজা পাইলাম
এই প্রবাসী বেশ-
আমার যায় না কষ্ট জীবন নষ্ট
দুঃখের নাই রে শেষ।।

হাতের কাছে ছিলো স্বজন
চিন্তা ছিলো না
এই প্রবাসে যন্ত্র-জীবন
সময় দিলো না
কেমনে দেখি মায়েরই মুখ
হাজার সোহাগ শান্তিরই বুক
স্বপ্ন-সুখ-আবেশ।।

বুকের মাঝে ছিলো আশা
গল্প সূচনা
ভালোবাসার মায়ায় ঘেরা
কল্প রচনা
কেমনে পাবো নীড়ছোঁয়া প্রেম
অমূল্য সেই সুখ চারু হেম
মগ্ন-সুর-অশেষ।।

শেখ জলিল   ১৯.১১.২০১২

Wednesday, November 7, 2012

তুমি আইসো বন্ধু

তুমি আইসো বন্ধু খাইও মুখে
বাটাভরা পান
তোমার তরে হৃদয় উদাস
আকুলও পরান
তুমি আইসো সোনার চান
খাইও বাটাভরা পান।।

এই মাটির গাছে লাউ ধইরাছে
বড়োই সোহাগিনী
লাউয়ের পিছে ঘুরছে সবাই
ভাবছে কলংকিনী
তুমি লাউয়ের হইও মান
গাইও ডুগডুগিতে গান।।

ঐ মাঠের ধারে বংশী বাজায়
শ্যামনগরের কালা
বুকের মাঝে ছটফটানি
ভাঙ্গে মনের তালা
তুমি রাধার হইও প্রাণ
যাইও বৃন্দাবনের ধাম।।

শেখ জলিল    ০৪.১১.২০১২

Saturday, November 3, 2012

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে
ঘাসফুল ভিজে যায় শিশিরে
তুমি আসো বারবার শুধুই ফিরে
পুরনো স্মৃতির সেই আঙিনা ঘিরে।।

খেয়াঘাট বটতলা তেমনি আছে
সেই তুমি নেই শুধু আমার পাশে
হাতে হাত ধরে চলা  চুপকথা চুপ
থেমে গেছে গানে সুর জীবনের রূপ
পাবো কি পাবো সেই হাসি মুখ ফিরে
হারিয়েছি যাকে শত হেলার ভিড়ে।।

বন্ধুর সাথে আড়ি প্রেম কাতরে
সেই তুমি গেলে তবু অচেনা করে
কেটে গেছে কতো দিন ঘাটের খেয়ায়
একবার দেখতে যে শুধুই তোমায়
পাবো কি পাবো সেই দিনগুলো ফিরে
হারিয়েছি যাকে চেনা সুখের নীড়ে।।

শেখ জলিল       ৩০.১০.২০১২

Thursday, October 25, 2012

মনটা কঠিন পাথর তো নয়

মনটা কঠিন পাথর তো নয়
সকল আঘাত সইবে
পাহাড় সমান ব্যথার বোঝা
একলা একা বইবে।
তুমি ভুল করে যাবে
বুকের মন ভেঙে দেবে
ভাবছো কেন তবু এ মন
তোমার কথাই কইবে?।

তুমি অন্তরে উদাস
সাধের প্রেমকে করো নাশ
অমাবশ্যার চাঁদ হয়ে যাও
বছর বারো মাস।
যখন পূর্ণিমা হবে
হঠাৎ সুখ অনুভবে
হারা শশীর জোস্না কী আর
তোমার তরেই রইবে?।

তুমি উল্লাসে কাতর
আপন সন্ধানে বিভোর
কারো ব্যথায় হৃদয় তোমার
খুললো নারে দোর।
যখন সব কিছু যাবে
শুধুই শূন্যতা খাবে
সুখের সাথী সেদিন কী আর
তোমার দুঃখ বইবে? ।

শেখ জলিল                ২৫.১০.২০১২

Sunday, October 21, 2012

পূবাল হাওয়া যাও বলে যাও

পূবাল হাওয়া যাও বলে যাও
কোন্ দেশে তার ঘর
যার আকাশে স্বপ্ন ভাসে
ছড়িয়ে তেপান্তর
আমি ইচ্ছে পালে ঢেউয়ের তালে
ভাসবো নিরন্তর।।

দুলবে তরী ঝড়ের দোলায়
একলা পথে সামনে চলায়
তবু সাঁঝ-প্রভাতে বৈঠা হাতে
ঘুরবো দেশান্তর।।

শূন্য বুকে বিফল আশা
থাকবে তবু ভালোবাসা
জানি মিলবে একা তাহার দেখা
যাত্রা শেষের পর।।

শেখ জলিল   ২১. ১০.১১২

Friday, October 12, 2012

বেঁচে থাকা এক বাস্তবতা

বেঁচে থাকা এক বাস্তবতা
কিছু ডাল-ভাত-রুটি
ঘুমাও তুমি কাব্য-কথা
কবিতা দিলাম ছুটি।।

জাগিও না আর ঘুম-নিশীথে
যদিবা জোস্না ঝরে
জানো কি তখন ক্ষুধার জ্বালায়
কতো জনের পেট পোড়ে
দুখী মানবতা গুমরে মরে
ধরাতে লুটোপুটি।।

তাকিও না আর সুখ-মিলনে
যদিবা সোহাগ বাড়ে
জানো কি তখন গ্রেনেড-গুলি
কতো শিশুর প্রাণ কাড়ে
পঞ্চম রাষ্ট্র শক্তিধরে
শান্তির চাপে টুটি।।

শেখ জলিল   ১২.১০.২০১২

Wednesday, October 10, 2012

আমি পারবো না গড়ে যেতে

আমি পারবো না গড়ে যেতে
পৃথিবীর সেরা সৌধের রূপ
থাকলে পাশে তুমিই  শুধু
নিয়ে সব কষ্ট-দুখ
এই শীর্ণ কুটিরে খুঁজে পাবো
শত তাজমহলের সুখ।।

ঝঞ্ঝা এলে লড়বো যেমন
বিজয়েতে হাসবো
কান্না-হাসির জোয়ার এলে
শুধুই ভালোবাসবো
দ্বন্দ্ব ও দ্বিধায় একই মতে
মেলাবো এই বুকে বুক।।

আঘাত এলে সইবো যেমন
মিলনেতে ভাসবো
দুঃখ-সুখের দোলায় দুলে
মনের ব্যথা নাশবো
ছন্দ ও সুরে একই গানে
ভরবো চুপকথা চুপ।।

শেখ জলিল    ১০.১০.২০১২