Wednesday, November 23, 2016

নদী নিজে জানে না সাঁতার

১.
নদী নিজে জানে না সাঁতার
বোঝে না কেউ কী কষ্ট তার
পথে পথে ঘোরে একা
হতে খেয়া পারাপার।।

হয়ে গেছে বেশি দেরী তার
পথচলা জুড়ে অন্ধকার
নিভে গেছে চোখের আলোক
ভাঙ্গা মনে বাজে হাহাকার।।

ভুলে গেছে যত স্মৃতি তার
বুকে জাগে বিরহ পাথার
থেমে গেছে চাঁদের জোয়ার
অশ্রু জলে করে একাকার।।

শেখ জলিল ২২.১১.২০১৬

২.
গোলপাতা গোল নয়
লাগে গণ্ডগোল
বোলতার বোল নয়
জাগে শোরগোল
আজ তুমিহীন এ মনটায়
সবই যে অচল।।

সোনা নেই দহ নেই
সোনাদহ নাম
প্রেমে পোড়া দেহটায়
মাখে বদনাম
আজ তুমিহীন ক্ষণটায়
কষ্ট প্রবল।।

মন নেই পুর নেই
মনপুরা নাম
শূন্য এ বুকটায়
বেদনা মোকাম
আজ তুমিহীন এ ঘরটায়
বিরহ কেবল।।

শেখ জলিল ২১.১১.২০১৬

৩.
সব আলো নিভে যাবে
রাতের পাড়ায়
প্রেমশিখা জ্বলবে সে
চোখের তারায়
(জানি) ফিরে তুমি আসবে শেষে
আমাকেই ভালোবেসে।।

সব ঝড় থেমে যাবে
হৃদয় ঢেউয়ে
অনুযোগ অভিমান
দূরে ভাসিয়ে
(জানি) হাত দুটো রাখবে হাতে
রাঙানো নতুন প্রাতে।।

সব ব্যথা মুছে যাবে
বাঁধন গড়ে
অনুভব টোকা দেবে
মনেরই দোরে
(জানি) চোখ দুটো রাখবে চোখে
অজানা হাজার সুখে।।

শেখ জলিল ১৮.১১.২০১৬

Sunday, November 6, 2016

যে আশা মনে মনে


১.
যে আশা মনে মনে মনে মনে মনে মনে
বেঁধেছে বুকের মাঝে ঘর
সে আশা ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
জাগে যে অন্তরের ভিতর
ও সাথী বাঁধবো আমি তোমায় নিয়ে বাসর ঘর
দুজনে দেবোই পাড়ি ভালোবাসার সকল ঝড়
সে আশা ক্ষণে ক্ষণে...............................।।

যে কথা গানে গানে গানে গানে গানে গানে
গেয়েছি সারাটি বছর
সে কথা প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
গড়েছে সুখেরই প্রহর
ও সাথী থাকবো আমি তোমায় নিয়ে জীবনভর
সুরেরই ঝর্ণাধারায় যাবেই বেজে সপ্তস্বর
সে কথা প্রাণে প্রাণে...................................।।

যে আলো চোখে চোখে চোখে চোখে চোখে চোখে
দেখেছি তোমারই ছায়ায়
সে আলো যুগে যুগে যুগে যুগে যুগে যুগে
রবে যে প্রেমেরই মায়ায়
ও সাথী থাকবো আমি তোমার হয়ে এই ধরায়
যতোদিন বেঁচে আছি জগৎ জুড়ে শ্যামল ছায়
সে আলো যুগে যুগে....................................।।

কথা: শেখ জলিল                      ০৩.১১.২০১৬
(অহমিয়া গান বাবু কুমদ বড়ুয়ার ''ও পেডেল মারি মারি'' গানের সুর অবলম্বনে)



এই পাগল পাগল মন
কেন সারাক্ষণ
তোমার কথা ভেবে ভেবে
হয় যে দিশেহারা
এই উদাস উদাস ক্ষণ
শুধু অকারণ
ঝড়ের মতো ছুটে ছুটে
হয় যে ছন্নছাড়া
সে যে তোমারই কারণ
যাকে দিয়েছি এ মন।।

এই ঢুলু ঢুলু চোখ
তবু  চেয়ে অপলক
তোমার ছবি দেখে দেখে
গড়ে স্বপ্নলোক
একদিন হবে যে মিলন
যাকে দিয়েছি এ মন।।

এই কষ্ট কষ্ট সুখ
চেপে রাখে সারা বুক
তোমায় পেলে সেরে যাবে
মনেরই অসুখ
একদিন পাবো যে দর্শন
যাকে দিয়েছি এ মন।।

শেখ জলিল ৩১.১০.২০১৬


Wednesday, June 22, 2016

উড়ো মন উড়ে যায়

উড়ো মন উড়ে যায়
নীলিমার মেঘে ভেসে
যেখানে নদীরা এসে
দূর সাগরে মেশে
শুধু খুঁজে পায় মোহনায়
জীবনের গল্প শেষে, ভালোবেসে।।

পাখি প্রাণ বাঁধে বাসা
জোড়া সুখ মনে আশা
শুধু গড়ে যায় বুনোছায়
ছোট নীড় বনানী ঘেঁষে, ভালোবেসে।।

নীলা চোখ মেঘনীলে
রংধনু ঝিলিমিলে
শুধু মেখে যায় বরষায়
শত রং রূপেরই দেশে, ভালোবেসে।।

শেখ জলিল ২১.০৬.২০১৬

PC: Google Image

Saturday, May 7, 2016

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই
শ্যামল গাঁয়ের ছায়
প্রাণের প্রিয় মা যেখানে
চির শান্তিতে ঘুমায়
আমার বাবাও শুয়ে তারই পাশে
মাটির বিছানায়।।

নিজের হাতে মাটি দিলাম
যেদিন বাবাকে
বলছিলো মা পাশে যেন
তার কবর থাকে
একদিন মার কবরও বান্ধা হলো
একই ঠিকানায়।।

কতো জনার মরণ এলো
বাড়ির আশেপাশে
বড়ো ভাইয়া কাতর হলো
রোগের সর্বনাশে
সেদিন মায় বলছিলো খোদা যেন
ছেলের আগে নেয়।।

শেখ জলিল ০৭.০৫.২০১৬


Friday, February 12, 2016

আহা! কী মিষ্টি সোনালী রোদ

আহা! কী মিষ্টি সোনালী রোদ
ছুঁয়ে যায় এ মনের যতো চাওয়া-বোধ
তুমি ভালোবাসো তাই স্বপ্ন খুঁজে পাই
করে যাই হৃদয়ের লেনাদেনা শোধ।।

জেগে ওঠে ঘুমরাত- ভোরের আকাশ
ধীরে ধীরে বয়ে যায় পুবালী বাতাস
ডাকছে পাখিরা সব চেনা মধুস্বরে
গানে গানে পৃথিবীতে কতো যে আমোদ।।

বসে আছি পথ চেয়ে- আসবে তুমি
রঙে রঙে ভরে যাবে সারা বনভূমি
থাকবে না কোনও বাধা আজ কাছে পেতে
খুলে যাবে দুজনার প্রেমে অবরোধ।।

শেখ জলিল ১১.০২.২০১৬


Thursday, January 28, 2016

ভোরের গান

১.
আজ রাঙা প্রভাতে হাঁটবো তোমার সাথে
শিশিরে ভেজাবো চরণ
দেখবে অবাক চেয়ে ভোরের ঐ সূর্যটা
আমাদের ভালোবাসা রাখবে স্মরণ।।

বনে বনে পাখিরা গাইবে যে গান
মধুময় সুরে সুরে ভরে মনপ্রাণ
ফুটবে ফুলের কলি আমাদের পথপাশে
লাল-নীল-গোলাপী হাজার ধরন।।

মনে মনে সাজাবো মিলনও বাসর
কেটে যাবে অজানায় দিনেরই প্রহর
পাতবে আঁচল তুমি সবুজের গালিচায়
হৃদয়ে প্রেমসুখ করতে বরণ।।

শেখ জলিল  ২৭.০১.২০১৬


২.
ভোর এসেছে রাঙা ভোর
খুলে গেছে বন্ধ দোর
শিশিরে ভেজাবো এই দুটি চরণ
হৃদয়ে বাঁধবো প্রণয়ের ডোর।।

হাঁটবো তারই সাথে সবুজ ঘাসে
গাইবো নতুন গান বারোটি মাসে
রাখবো এ দুটি চোখ তারই চোখে
চুপি চুপি হয়ে তার মনচোর।।

রাখবো আমারই হাত তারই হাতে
জীবনের বসন্ত প্রতি প্রভাতে
থাকবো সারাক্ষণ তারই হয়ে
নামলে পথেও অমানিশা ঘোর।।

শেখ জলিল ২৫.০১.২০১৬


৩.
আমার সারাটি জীবন জুড়ে
স্বপ্ন খুড়ে খুড়ে
চেয়েছি একটিই ভোর-
যে রাঙা প্রভাতে
হাঁটবো তোমার সাথে
শিশিরে জড়িয়ে আদর।।

রেখেছি খুলে এই বুকের কপাট
ঘুমহীন কেটে গেছে কতো শত রাত
কষ্ট প্রহরে তুমি পাশে নেই
আঁধারে বন্ধ যে দোর।।

ভেবেছি তুমি এলে ডাকবে পাখি
দুহাতে পরিয়ে দেবো প্রেমেরই রাখী
রাঙাবো হৃদয় নতুন আলোয়
প্রেমেতে রইবো বিভোর।।

শেখ জলিল ২৪.০১.২০১৬





Sunday, January 17, 2016

মন রে তুই পাগল হইলি

মন রে তুই পাগল হইলি
কীসের বিশ্বাসে
খাঁচার পাখি উড়ে গেলে
আর কি ফিরে আসে?...
এ প্রাণ হবে পাখি দেবে ফাঁকি
উড়াল দিয়ে আকাশে
টের পাবে না ঘুমের ঘোরে
মেলবে ডানা বাতাসে।।

রইবে পড়ে মাটির কায়া
অসাড় দেহ শরীর ছায়া
ভুলে যাবে সকল মায়া
বুকের ভরা নিঃশ্বাসে।।

বাসলে যারে অন্তর দিয়া
তার তরেতে কাঁদবে হিয়া
থাকবে স্মৃতি সব পড়িয়া
প্রেমের সারা হুতাশে।।

শেখ জলিলের কথার বাঁশি
রইবে পড়ে সুর উদাসী
গাইবে না আর ঘাটে আসি
বছর প্রতি ভর মাসে।।

শেখ জলিল ১৩.০১.২০১৬