Wednesday, June 22, 2016

উড়ো মন উড়ে যায়

উড়ো মন উড়ে যায়
নীলিমার মেঘে ভেসে
যেখানে নদীরা এসে
দূর সাগরে মেশে
শুধু খুঁজে পায় মোহনায়
জীবনের গল্প শেষে, ভালোবেসে।।

পাখি প্রাণ বাঁধে বাসা
জোড়া সুখ মনে আশা
শুধু গড়ে যায় বুনোছায়
ছোট নীড় বনানী ঘেঁষে, ভালোবেসে।।

নীলা চোখ মেঘনীলে
রংধনু ঝিলিমিলে
শুধু মেখে যায় বরষায়
শত রং রূপেরই দেশে, ভালোবেসে।।

শেখ জলিল ২১.০৬.২০১৬

PC: Google Image

Saturday, May 7, 2016

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই

আমার ইচ্ছে করে যাই ফিরে সেই
শ্যামল গাঁয়ের ছায়
প্রাণের প্রিয় মা যেখানে
চির শান্তিতে ঘুমায়
আমার বাবাও শুয়ে তারই পাশে
মাটির বিছানায়।।

নিজের হাতে মাটি দিলাম
যেদিন বাবাকে
বলছিলো মা পাশে যেন
তার কবর থাকে
একদিন মার কবরও বান্ধা হলো
একই ঠিকানায়।।

কতো জনার মরণ এলো
বাড়ির আশেপাশে
বড়ো ভাইয়া কাতর হলো
রোগের সর্বনাশে
সেদিন মায় বলছিলো খোদা যেন
ছেলের আগে নেয়।।

শেখ জলিল ০৭.০৫.২০১৬


Friday, February 12, 2016

আহা! কী মিষ্টি সোনালী রোদ

আহা! কী মিষ্টি সোনালী রোদ
ছুঁয়ে যায় এ মনের যতো চাওয়া-বোধ
তুমি ভালোবাসো তাই স্বপ্ন খুঁজে পাই
করে যাই হৃদয়ের লেনাদেনা শোধ।।

জেগে ওঠে ঘুমরাত- ভোরের আকাশ
ধীরে ধীরে বয়ে যায় পুবালী বাতাস
ডাকছে পাখিরা সব চেনা মধুস্বরে
গানে গানে পৃথিবীতে কতো যে আমোদ।।

বসে আছি পথ চেয়ে- আসবে তুমি
রঙে রঙে ভরে যাবে সারা বনভূমি
থাকবে না কোনও বাধা আজ কাছে পেতে
খুলে যাবে দুজনার প্রেমে অবরোধ।।

শেখ জলিল ১১.০২.২০১৬


Thursday, January 28, 2016

ভোরের গান

১.
আজ রাঙা প্রভাতে হাঁটবো তোমার সাথে
শিশিরে ভেজাবো চরণ
দেখবে অবাক চেয়ে ভোরের ঐ সূর্যটা
আমাদের ভালোবাসা রাখবে স্মরণ।।

বনে বনে পাখিরা গাইবে যে গান
মধুময় সুরে সুরে ভরে মনপ্রাণ
ফুটবে ফুলের কলি আমাদের পথপাশে
লাল-নীল-গোলাপী হাজার ধরন।।

মনে মনে সাজাবো মিলনও বাসর
কেটে যাবে অজানায় দিনেরই প্রহর
পাতবে আঁচল তুমি সবুজের গালিচায়
হৃদয়ে প্রেমসুখ করতে বরণ।।

শেখ জলিল  ২৭.০১.২০১৬


২.
ভোর এসেছে রাঙা ভোর
খুলে গেছে বন্ধ দোর
শিশিরে ভেজাবো এই দুটি চরণ
হৃদয়ে বাঁধবো প্রণয়ের ডোর।।

হাঁটবো তারই সাথে সবুজ ঘাসে
গাইবো নতুন গান বারোটি মাসে
রাখবো এ দুটি চোখ তারই চোখে
চুপি চুপি হয়ে তার মনচোর।।

রাখবো আমারই হাত তারই হাতে
জীবনের বসন্ত প্রতি প্রভাতে
থাকবো সারাক্ষণ তারই হয়ে
নামলে পথেও অমানিশা ঘোর।।

শেখ জলিল ২৫.০১.২০১৬


৩.
আমার সারাটি জীবন জুড়ে
স্বপ্ন খুড়ে খুড়ে
চেয়েছি একটিই ভোর-
যে রাঙা প্রভাতে
হাঁটবো তোমার সাথে
শিশিরে জড়িয়ে আদর।।

রেখেছি খুলে এই বুকের কপাট
ঘুমহীন কেটে গেছে কতো শত রাত
কষ্ট প্রহরে তুমি পাশে নেই
আঁধারে বন্ধ যে দোর।।

ভেবেছি তুমি এলে ডাকবে পাখি
দুহাতে পরিয়ে দেবো প্রেমেরই রাখী
রাঙাবো হৃদয় নতুন আলোয়
প্রেমেতে রইবো বিভোর।।

শেখ জলিল ২৪.০১.২০১৬





Sunday, January 17, 2016

মন রে তুই পাগল হইলি

মন রে তুই পাগল হইলি
কীসের বিশ্বাসে
খাঁচার পাখি উড়ে গেলে
আর কি ফিরে আসে?...
এ প্রাণ হবে পাখি দেবে ফাঁকি
উড়াল দিয়ে আকাশে
টের পাবে না ঘুমের ঘোরে
মেলবে ডানা বাতাসে।।

রইবে পড়ে মাটির কায়া
অসাড় দেহ শরীর ছায়া
ভুলে যাবে সকল মায়া
বুকের ভরা নিঃশ্বাসে।।

বাসলে যারে অন্তর দিয়া
তার তরেতে কাঁদবে হিয়া
থাকবে স্মৃতি সব পড়িয়া
প্রেমের সারা হুতাশে।।

শেখ জলিলের কথার বাঁশি
রইবে পড়ে সুর উদাসী
গাইবে না আর ঘাটে আসি
বছর প্রতি ভর মাসে।।

শেখ জলিল ১৩.০১.২০১৬


Wednesday, December 23, 2015

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল
পাড়ার লোকে দেয় যে নজর
কদম চক্ষুশুল
আমি আউলা বেশে পাগলিনী
হয় কাজে-কর্মেতে ভুল।।

বৃষ্টি যখন টিনের চালে
পড়ে টাপুর টুপুর
চিকনকালা বাজায় বাঁশি
দোলে পায়ের নূপুর
আমি কেমন করে ঘর ছাড়িবো
রাইখা সোনার কানের দুল।।

ঘরে আমার শ্বশুড়-ননদ
উঠান জুড়ে বেড়া
ভাঙা চালে বৃষ্টি ঝরে
ছোট্ট একটা ডেরা
আমার সব ভিজে যায় এই বরষায়
সারা অঙ্গ মাথার চুল।।

শেখ জলিল ১০.১২.২০১৫


PC: Google Image

Saturday, December 5, 2015

যতোই তারে দৃষ্টি ছুড়ি


যতোই তারে দৃষ্টি ছুড়ি
ছোঁয় না চোখের নীড়
ষোড়শীর মনটা যে অস্থির-
কেমনে করি প্রেম নিবেদন
বুকের মাঝে সুখের চয়ন
রূপ দেখে তার হৃদয় পাগল
প্রাণটা যে অধীর।।

যতোই দাঁড়াই সামনে তাহার
মুখটি যে তার করে আঁধার
চার নয়নে হয় না মিলন
ঈঙ্গিতে সুদৃঢ়
কেমনে তাহার ভাব বুঝে ক্ষণ
ছুড়বো প্রেমের তীর।।

যতোই ভাবি আপন মনে
জীবন বৃথা তার বিহনে
মুখ ফুটিয়া কয় না কথা
শ্রবণে বধির
কেমনে তাহার হাত ধরিবো
বাঁধবো সুখের নীড়।।

শেখ জলিল ০৩.১১.২০১৫