Wednesday, December 23, 2015

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল

ফুটিল রে কদম গাছে ফুটিল রে ফুল
পাড়ার লোকে দেয় যে নজর
কদম চক্ষুশুল
আমি আউলা বেশে পাগলিনী
হয় কাজে-কর্মেতে ভুল।।

বৃষ্টি যখন টিনের চালে
পড়ে টাপুর টুপুর
চিকনকালা বাজায় বাঁশি
দোলে পায়ের নূপুর
আমি কেমন করে ঘর ছাড়িবো
রাইখা সোনার কানের দুল।।

ঘরে আমার শ্বশুড়-ননদ
উঠান জুড়ে বেড়া
ভাঙা চালে বৃষ্টি ঝরে
ছোট্ট একটা ডেরা
আমার সব ভিজে যায় এই বরষায়
সারা অঙ্গ মাথার চুল।।

শেখ জলিল ১০.১২.২০১৫


PC: Google Image

Saturday, December 5, 2015

যতোই তারে দৃষ্টি ছুড়ি


যতোই তারে দৃষ্টি ছুড়ি
ছোঁয় না চোখের নীড়
ষোড়শীর মনটা যে অস্থির-
কেমনে করি প্রেম নিবেদন
বুকের মাঝে সুখের চয়ন
রূপ দেখে তার হৃদয় পাগল
প্রাণটা যে অধীর।।

যতোই দাঁড়াই সামনে তাহার
মুখটি যে তার করে আঁধার
চার নয়নে হয় না মিলন
ঈঙ্গিতে সুদৃঢ়
কেমনে তাহার ভাব বুঝে ক্ষণ
ছুড়বো প্রেমের তীর।।

যতোই ভাবি আপন মনে
জীবন বৃথা তার বিহনে
মুখ ফুটিয়া কয় না কথা
শ্রবণে বধির
কেমনে তাহার হাত ধরিবো
বাঁধবো সুখের নীড়।।

শেখ জলিল ০৩.১১.২০১৫

Monday, November 16, 2015

রূপসীর রূপ যে চাঁদের মতো

রূপসীর রূপ যে চাঁদের মতো
মন পুড়ছে অবিরত
যতোই তারে দেখছি চেয়ে
লাগছে ভালো ততো।।

যখনই সে সামনে দাঁড়ায়
দূর নীলিমায় মনটা হারায়
তারার ফুলে যাই সাজিয়ে
মালা কতো শত
জানি না সব হবে কিনা
তার পছন্দ যতো।।

যখনই সে দৃষ্টিতে চায়
বন গহিনে প্রাণ ছুটে যায়
পাখির গানে কাকলিতে
সুর যে ঝরে শত
কবে যে তার সঙ্গী হবো
মুছতে হৃদয় ক্ষত।।

শেখ জলিল ০৮.১০.২০১৫

PC: Google Image

Monday, November 9, 2015

মানুষের গান গাই


সবার ধর্ম সবার কর্ম 
জড়িয়ে গায়ে মানব বর্ম
জোরসে গলায় এসো সবাই
মানুষের গান গাই-
যতই তুমি ধর্ম করো
মানবতা সবার বড়ো
মানব সেবা ছাড়া প্রাণের
কোনও মুক্তি নাই।।

যখন মানুষ অনাহারে
রয় না যে মন ধর্মাচারে
ক্ষুধায় অন্ন দাও বিলিয়ে
ধর্মেরই দোহাই-
যতই তুমি দান করিবে
স্রষ্টা তত নাম স্মরিবে
বাঁচলে মানুষ বাঁচবে ধর্ম
ভিন্ন উপায় নাই।।

যখন মানুষ রোগশয্যাতে
হাতটি রাখো তাহার হাতে
রোগীর সেবা আসল কর্ম
শুশ্রুষা তার চাই-
যতই তুমি প্রাণ বাঁচাবে
স্রষ্টারই প্রেম খুঁজে পাবে
প্রাণে প্রাণে আলোর শিখা
জ্বলবে যে সদাই।।

শেখ জলিল-এ একলা বসে
রাখছে মনে অংক কষে
জীবন তাহার পার করিবে
সেবাতে সদাই-
যতদিন তার জীবন বাঁচে
রইবে সবার আগেপিছে
মানবতার বাউলানা গান
গাইছে সুরে তাই।।

শেখ জলিল ০৯.১১.২০১৫


Thursday, October 29, 2015

কোকিল ডাকিস্ নারে গাছের আড়ে

Add caption
কোকিল ডাকিস্ না রে গাছের আড়ে
দুঃখ প্রাণে পাই
প্রেম জাগাাইয়া যাস্ রে কোকিল
বন্ধু কাছে নাই-
কে যে আদর করে ঘুম পাড়াবে
দুই নয়নে চুম জড়াবে
ঘুম ভাঙিলে কষ্ট বুকে
ওষুধ কোথা পাই।।

সে যে আসি বলে গেলো চলে
দূর প্রবাসে আমায় ফেলে
বছর ঘুরে বছর এলো
ফেরার হদিস নাই-
এখন ভাঙা ঘরে চোর ঢুকিলে
কোথায় নেবো ঠাঁই।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরি করে দু'খান
বুক চিরিয়া প্রাণটা নিলো
কেমনে ফিরে পাই-
এখন মনের ঘরে ঝড় উঠিলে
কোথায় বলো যাই।।

শেখ জলিল ২৯.১০.২০১৫

Wednesday, October 7, 2015

আমি কী কহিতে কী কহিলাম

আমি কী কহিতে কী কহিলাম
সবই কওয়ার ভুল
বন্ধুর প্রেমে দাগা দিলো
ভুল কথার মাশুল
আমি কী চাহিতে কী চাহিলাম
সবই চাওয়ার ভুল
বন্ধুর প্রেমে ভাইসা গেলো
দুই চোখেরই কূল।।

সে যে ভাবের কানা ভাব বোঝে না
পীরিত কারে কয়
মনের কথা যায় কি বলা
মুখে সব সময়
ও হায় চোখ মেলিয়া দেখলো না সে
প্রেমের ফোটা ফুল।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরির মতো
প্রেম করিয়া তাহার সনে
বাড়লো বুকে ক্ষত
এখন কেন্দে কি তার দেখা পাবো
ছিঁড়ে মাথার চুল।।

শেখ জলিল ০৫.১০.২০১৫

Friday, October 2, 2015

তারে দেখিলে যে প্রেমের আগুন

তারে দেখিলে যে প্রেমের আগুন
অন্তেরেতে বাড়ে দ্বিগুণ
(যখন মুখ ফুটিয়া যায় না বলা
এই মনেরই কথা)
যখন প্রাণ খুলিয়া যায় না বলা
সব জমানো কথা।।

সদা দ্বিধা সদা ভয়
পাছে লোক লজ্জা হয়
আমি যে তার আপন মানুষ
কেমনে খুলে কয়
কেমনে তাহার ভাব জানিবো
প্রেমের আকুলতা।।

বাড়ে ব্যথা বাড়ে ক্ষয়
বুকে জ্বালা কষ্ট হয়
একটু যে তার হাত ধরিবো
এমন হবার নয়
কেমনে জ্বরা নাশ করিবো
ভেঙে অসারতা।।

ঘাটের তরী ঘাটে রয়
জলিল বলে দুঃসময়
উজান স্রোতে নদী চলে
ভাটায় যাবার নয়
কেমনে তারে পার করিবো
ঢেউয়ের বিশালতা।।

শেখ জলিল ৩০.০৯.২০১৫