Friday, October 2, 2015

তারে দেখিলে যে প্রেমের আগুন

তারে দেখিলে যে প্রেমের আগুন
অন্তেরেতে বাড়ে দ্বিগুণ
(যখন মুখ ফুটিয়া যায় না বলা
এই মনেরই কথা)
যখন প্রাণ খুলিয়া যায় না বলা
সব জমানো কথা।।

সদা দ্বিধা সদা ভয়
পাছে লোক লজ্জা হয়
আমি যে তার আপন মানুষ
কেমনে খুলে কয়
কেমনে তাহার ভাব জানিবো
প্রেমের আকুলতা।।

বাড়ে ব্যথা বাড়ে ক্ষয়
বুকে জ্বালা কষ্ট হয়
একটু যে তার হাত ধরিবো
এমন হবার নয়
কেমনে জ্বরা নাশ করিবো
ভেঙে অসারতা।।

ঘাটের তরী ঘাটে রয়
জলিল বলে দুঃসময়
উজান স্রোতে নদী চলে
ভাটায় যাবার নয়
কেমনে তারে পার করিবো
ঢেউয়ের বিশালতা।।

শেখ জলিল ৩০.০৯.২০১৫

Thursday, September 17, 2015

ও তোর মন মানুষ লুকাইয়া আছে

ও তোর মন মানুষ লুকাইয়া আছে
মনের অন্দরে
ও তুই মিছেই খুঁজিস্ শহর-গ্রামে
অচিন বন্দরে।।

মিছেই খুঁজিস্ সাগর তলায়
রেখে মুক্তা বুকের বেলায়
কেন্ বা ঘুরিস্ মরু-সাগর
পইড়া পুরা ধন্দ রে।।

মিছেই টানিস্ গোলাপ সুবাস
রেখে চেপে প্রাণেরই শ্বাস
কেন্ বা বাড়াস পাওয়ার হুতাশ
ভইরা হৃদয় কন্দরে।।

জলিল খোঁজে মনের মানিক
বেসে ভালো প্রাণের অধিক
ভাবছে তারে হৃদমাঝারে
কইরা চক্ষু বন্ধ রে।।

শেখ জলিল ০৮.০৯.২০১৫





Wednesday, September 2, 2015

দেখে যারে ভানুমতির খেল

তোরা দেখে যারে দেখে যারে
আজব ভানুমতির খেল
আম গাছেতে জাম ধরেছে
আর কাঁঠাল গাছে বেল।।

ভেন্না কাঠের নৌকা বানায়
কাদায় ছুরি-কাঁচি শানায়
ছাগল দিয়ে ঘানি টানায়
চায় ধানের বীজে তেল।।

উল্টা স্রোতে বৈঠা টানে
সাগর ভাটায় তীরের পানে
জ্বীন ও ভূতের আদেশ মানে
মাখে জ্ঞানের নিষেধ জেল।।

ভেবে পাগল জলিল বলে
ঘোর সংকটে সবই ফলে
পাপ কামালে মিথ্যার ছলে
তার নাই রে জামিন-বেল।।

শেখ জলিল ০২.০৯.২০১৫
.

Wednesday, August 19, 2015

আমি হয়েছি ফতুর

আমি হয়েছি ফতুর
শুধু তোমাকে ভালো বাসতে না বাসতেই
তুমি হয়েছো চতুর
পাশে সহসা ফিরে আসতে না আসতেই!
তাই হয়নি তোমাকে পাওয়া
মোহনার পানে যাওয়া-
সুখের জোয়ারে প্রেমে ভাসতে না ভাসতেই।।

আমি হয়েছি আউল
যতো তোমাকে নিয়ে
তুমি করেছো বাউল
ততো বিরহ দিয়ে
তাই হয়নি তোমাকে ছোঁয়া
জমেনি কল্প ধোঁয়া
মনের আনন্দে সুখে হাসতে না হাসতেই।।

আমি হয়েছি পাগল
যতো তোমাকে চেয়ে
তুমি গড়েছো আগল
ততো আড়াল পেয়ে
তাই হয়নি মিলনে মালা
বাসরে ভরে ডালা
বুকের জমানো ব্যথা নাশতে না নাশতেই।।

শেখ জলিল  ১৮.০৮.২০১৫

Monday, August 10, 2015

যখন থাকবে না কেউ পাশে তোমার

যখন থাকবে না কেউ পাশে তোমার
থাকবে দেহ-মন
মাটির দেহে স্রষ্টা সবার
সঙ্গী বিরাজন
তাই সময় থাকতে করো রে মন
তারই নাম স্মরণ
করো তারই প্রেম সাধন।।

ভাই বলো বন্ধু বলো
রইবে না কেউ পাশে
দুর্দিনেতে কাছের স্বজন
মুখ ফিরিয়ে হাসে
তাই রঙ্গ ছেড়ে সঙ্গ ধরো
আত্মার অনুরণ।।

ধন বলো দৌলত বলো
থাকবে না তার শোভা
জলিল বলে সবই যে ছাই
নিভলে আলোর প্রভা
তাই কালো মুছে আলো করো
হৃদয় অনুক্ষণ।।

শেখ জলিল  ১০.০৮.২০১৫



Wednesday, August 5, 2015

একটু একটু করে

একটু একটু করে
এ বুকের অন্দরে
তুমি দিয়েছো দোলা
তোমাকে পাওয়ার পর
খুশিতে এ মন
হয়েছে আত্মভোলা-
তুমি দিয়েছো দোলা
করেছি মনের দুয়ার খোলা।।

একটু একটু করে
আরও কাছে এসে
অবুঝ এ মনটাকে
গেছো ভালোবেসে
অনেক বাধার পাহাড় ভেঙে
হয়েছে দুঃখ ভোলা
ভরেছি অথই সুখের গোলা।।

একটু একটু করে
আরও চোখে চেয়ে
সুখেরই আনন্দে
গিয়েছি হারিয়ে
অনেক কথার স্বপ্নগাথা
হয়েছে সবই বলা
গড়েছি আসল জীবন চলা।।

শেখ জলিল ০৫.০৮.২০১৫

Thursday, July 9, 2015

ইচ্ছেমতি মেয়ে তুমি

ইচ্ছেমতি মেয়ে তুমি কীসের সুবাস পাও
আলতো পায়ে চুপি চুপি শাল পিয়ালে যাও।।

দেখছি তোমার রূপের মায়া
সোনাবরণ মুখের কায়া
বুকের আঁচল দেয় সরিয়ে দুষ্টু বাতাস বাও।।

শুনছি তোমার গানেরই সুর
ঝরণা তালে বাজছে নূপুর
পাহাড় বুকে কলকলিয়ে ঘুম ভাঙিয়ে দাও।।

ভাবছি তোমায় রোজ প্রভাতে
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
বনপ্রবাসে যায় উড়ে ঐ ভাবনা মেঘের নাও।।

শেখ জলিল ০১.০৭.২০১৫