Thursday, January 29, 2015

কান্দে নয়ন কান্দে এ মন

কান্দে নয়ন কান্দে এ মন
কান্দে বুকের অন্তর
আমায় ছাইড়া কোথায় রে তুই
বাঁধলি সুখের ঘর
আমি হইলাম তোরই পর।।

কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর ধারা
তোর বিরহে উদাস দুপুর
সাঁঝের চন্দ্রতারা
আমি রইলাম মাটির 'পর
হইয়া যে এক পাথর।।

কান্দে পাখি চখাচখি
বংশী নদীর তীরে
কান্দে পানি শৈল্লা বিলে
শাপলা-শালুক ঘিরে
আমি হইলাম যে দোসর
বাউলাতে দিনভর।।

শেখ জলিল ০৬.০১.২০১৫

Wednesday, January 14, 2015

এই বাউল-পাগল মন

এই বাউল-পাগল মন
করে তোমাকে স্মরণ
সারাটা ক্ষণ যখন তখন
ভাবের আলোড়ন-
এই প্রেমের-উথাল মন
করে তোমাকে বরণ
সারাটা ক্ষণ যখন তখন
সুখের আয়োজন-
তুমি থেকো আমার কাছে
এই ধরাতে যতোটা দিন
বুকের পরাণ বাঁচে।।

থেকো পোষা পাখি হয়ে
হৃদয়ের খাঁচায়
ডেকো প্রিয় নামটি ধরে
মনটা যখন চায়
আমি আসবো তোমার ডাকে
জীবন নদীর বাঁকে
ঐ আকাশে যতোটা দিন
চন্দ্র-সূর্য আছে।।

এসো বুকের ফুল-ফাগুনে
বসন্ত হাওয়ায়
বেসো ভালো মনের মতো
মনটা যেমন চায়
তুমি আইসো মনেপ্রাণে
অথই প্রেমের টানে
এই বসতে যতোটা দিন
সুখের পাখি নাচে।।

শেখ জলিল ১০.১২.২০১৪


Monday, January 5, 2015

ভুল করে কখনও বলবো না

ভুল করে কখনও বলবো না আমি
তুমিই ছিলে আমার
বেঁধেছিলে বাসা এই বুকের গহিন
জাগিয়ে স্বপ্নবাহার
এক যুগ কাটিয়েছো পাশাপাশি হেঁটে
দুজনে করেছি বাস শ্যামলে একই সাথে
ভুল করে কখনও বলবো না আর।।

কষ্ট এলে দেখিয়ে দুপাটি দাঁত
হাসবো যে দিবাযামী
ভেবো না কখনও নষ্ট হবো
কষ্টের কারণে আমি
কাল-বৈশাখী শেষে যেমন গোছায় ঘর
সুদক্ষ কৃষক
তেমনি গোছাবো নিবাস প্রতিটাবার
ঝঞ্ঝায় গুড়ানো সব
ভেবো না সেদিনে ডাকবো আবার।।

এমন তো হতে পারে সুখের চেয়েও
আছে বেশি সুখ
ভেবো না কখনও সেই তুমিহীনা
শূন্যতা ভরবে বুক
ভুল করে বলবো না ছিলে তুমিই জীবন
শেষ ভালোবাসা
আলো বা আঁধারে প্রতি দিনরাতে
পাঁজরে বেঁধেছো বাসা
ভুল করে ভুলেও ভাববো না আর।।

শেখ জলিল            ০৪.০১.২০১৫

Saturday, December 27, 2014

সত্য কি আর থাকে গোপন

সত্য কি আর থাকে গোপন
যখন মানুষ হারে প্রেমে
যেমন মেঘের কান্না দেয় জানিয়ে
ঝড়-বৃষ্টিতে থেমে।।

দৃষ্টি কি আর হয় গো আড়াল
মুখ লুকালে সাঁঝে
ঠোঁটের ভাষা দেয় বুঝিয়ে
দুঃখ-কথার মাঝে
চরণ যে তার থেমে থাকে
প্রেমের পথে নেমে।।

কষ্ট কি আর হয় গো লেপন
পুড়লে কারও ছবি
মনের ভেতর আঁকা থাকে
প্রতিচ্ছবি সবই
স্মৃতি যে তার জমা থাকে
বুকের বাঁধা ফ্রেমে।।

শেখ জলিল ২৭.১২.২০১৪

Saturday, December 13, 2014

দুঃখের দরদী কোথা পাই

দুঃখের দরদী কোথা পাই
সুখে আসে ঝাঁকে ঝাঁক
নিদানের বন্ধু নাই।।

বিশ্বাসে যার কাছে
পাতি দুই হাত
সে বলে প্রেমের মরা
যাওনা তফাৎ
আমার হৃদয়ের এতো দাগা
কেমনে সরাই।।

অন্তরে যার গড়া
নিদয়া পাষাণ
কী করে পাবো বলো
তার প্রতিদান
আমার মিলনের এতো বাধা
কেমনে ত্বরাই।।

শেখ জলিল   ১৭.১১.২০১৪

Monday, December 8, 2014

আমি যারে বাসলাম ভালো

আমি যারে বাসলাম ভালো
বাসলো না সে আমারে
দুই হৃদয়ের দুইটি ধারা
মিশলো না এক কিনারে।।

গিরি-পাহাড় সব ডিঙাইয়া
হইলাম নদীর জল
সেই জল আমার শুকাই গেলো
তপ্ত মরুর তল
আমার বুকের আশা ব্যর্থ-নাশা
উষ্ণ বালুর মিনারে।।

অনেক যত্নে স্বর সাধিয়া
বাঁধলাম গানের সুর
সেই গান আমার বেতাল গাইলো
প্রাণেরই অসূর
ও হায় বেভুল হইলে শেখ জলিলে
বন্ধ গানের বীণা রে।।

শেখ জলিল   ০৭.১২.২০১৪

Thursday, December 4, 2014

আমার মায়ে চেয়েছিলো

আমার মায়ে চেয়েছিলো
মুক্তি, স্বাধীনতা
মাথার উপর সুনীল ছায়া
বিশাল উদারতা
সেই আকাশটা তেমনি আছে
নেইকো সুখের রেশ
সব হারিয়ে পেলো মায়ে
এ কোন্ সোনার দেশ।।

জ্বলে নাকো মননের ফুল
নামলে আঁধার রাতে
তুখোড় কণ্ঠ যায় শুকিয়ে
সন্ত্রাসী আঘাতে
সাহসী বুক নেয় না পেতে
দেশপ্রেমিকের বেশ।।

কেটে গেছে অনেক বছর
স্বাধীনতার পরে
হয়নি আজও দেশটি গড়া
মায়ের মতোন করে
কোথায় আছে সেই সে ছেলে
ভুলবে হিংসা-দ্বেষ।।

শেখ জলিল     ০৬.০৭.২০১২