Tuesday, February 18, 2014

কান্দিস কেনে মন

কান্দিস কেনে মন
কান্দিলে কি মিলবে দেখা
অদৃশ্য সুজন
তুই মিছেই পাগল মন।।

খুঁজিস তারে সন্ধ্যা প্রাতে
যে জন থাকে অধরাতে
পাহাড় জঙ্গল ঘুইরা বেড়াস
সদাই সর্বক্ষণ।।

ভাবিস তারে মনের মাঝে
যে জন থাকে শূন্য সাজে
হৃদয় জুড়ে রক্তক্ষরণ
করতে তারে ধারণ।।

সাধ্য কী আর এই ধরাতে
শেখ জলিল-এ পাইবে হাতে
অধর ধরা ফুলের কলি
ছুঁইতে যারে বারণ।।

শেখ জলিল  ১২.০২.২০১৪

Tuesday, January 21, 2014

এই দূর পরবাসে

এই দূর পরবাসে
হারানো স্মৃতির কথা
ফিরে ফিরে আসে।।

নেইকো সজল মেঘ
বৃষ্টি বাতাস
তুমুল তুষার ঝড়
বাড়ায় হুতাশ
শুষ্ক শীতের রাত
জমে বুকে শ্বাসে।।

নেইকো সবুজ বন
পাখির কূজন
মনের কথা বলা
কাছের সুজন
উচ্চ গানের সুর
বোবা কানে ভাসে।।

শেখ জলিল ২১.০১.২০১৪
 

Monday, January 6, 2014

গাঁয়ের ঘাটের নামটি শিমুলডাঙা

গাঁয়ের ঘাটের নামটি শিমুলডাঙা
হাটের নামটি পলাশরাঙা
নাম না-জানা পাখির ডাকে
ভাঙতো সবার ঘুম
টানচরাতে আজও দেখি
ফসল কাটার ধুম
হায়রে আমার সুনীল সবুজ
প্রিয় স্বদেশভূম।।

আজও দেখি হিজল গাছে
মাছরাঙা এক পাখি নাচে
হঠাৎ করে জলে নেমে
ধরে ছোট্ট মাছ
শৈশবের সেই রঙেরই দিন
বাড়ায় স্মৃতির আঁচ
তন্বীবালা পথে হাঁটে
পায়ে নূপুর রুমুঝুম।।

আজও দেখি নদীর ঘাটে
গাঁয়ের বধু  জলকে ছোটে
কাস্তে হাটে কিষাণ মাড়ায়
সোনার ফসল মাঠ
অঘ্রাণের সেই নবান্ন দিন
ভরায় সুখের হাট
মায়ের আদর বোনের স্নেহ
ভরে চোখে স্বপ্নচুম।।

শেখ জলিল  ০২.০১.২০১৪


Monday, December 23, 2013

বাউরী বাতাস বাউরী বাতাস

বাউরী বাতাস বাউরী বাতাস
মন পবনে ঝড়
বুকের মাঝে বাইন্ধাছে ঘর
বাউল কারিগর
আমি পথের মাঝে সন্ধান করি
পথের পথিকবর।।

আমার নাই রে আপন নাই রে স্বজন
সঙ্গী যে একতারা
আউল বাউল মনটা আমার
রূপের পাগলপারা
আমি অকূল কূল খুঁইজা মরি
অচিন রূপনগর।।

আমার নাই রে বাড়ি নাই রে দ্বারি
বান্ধি যে ঘর পথে
জলিল বলে বসত আমার
ভাবের ভাবনারথে
আমি সবার মনে বাঁধন গড়ি
ভুইলা আপন পর।।

শেখ জলিল ১৩.১০.২০১৩

Monday, December 9, 2013

আশ্বিনে নয়, কার্তিকে নয়

আশ্বিনে নয়, কার্তিকে নয়
আইসো বন্ধু পউষে
বিহান বেলার রোদ পোহাবো
বইসা মনের হাউসে
তুমি আইসো বন্ধু পউষে।।

সারা রাইতের শীতের পরে
বিহান বেলার রোদ
দেহের মাঝে উষ্ণ ছড়ায়
বাড়ায় স্পর্শ বোধ
তুমি থাইকো বন্ধু একটু পাশে
সুখের তখত তাউসে।।

কইও কথা মিষ্টি তেতো
সারা দিনমান
খেলবো পাশা দুজন মিলে
ভরবে মনপ্রাণ
তুমি গাঁইথো মালা গোলাপ-গাঁদার
রাঙা ফুলের ঢাউসে।।

শেখ জলিল   ০৯.১২.২০১৩

Wednesday, November 13, 2013

মিশে যাও মানুষে

মিশে যাও মানুষে
যদি বন্ধু পেতে চাও
কে আসল কে নকল
মুখোশ দেখে নাও
দেখো আকাশে বাতাসে ভাসে
অবিশ্বাসের বাও।।

বুঝবে না তুমি বুঝবে না
কাছে থাকলেও শত
কার হৃদয়ে তেতো বিষ
বিশ্বাস ভঙের ক্ষত
তাই হাতের নাগালে যাও চলে
পাঁজরে পাঁজরটা মিলাও।।

জানবে না তুমি জানবে না
মনে জমা কতো খেদ
পকেটে লুকানো ছুরি
করতে পারে বুক ভেদ
তাই চোখের গভীরে দেখো চেয়ে
নজরে নজরটা মিলাও।।

শেখ জলিল    ১৩.১১.২০১৩
 

Tuesday, October 29, 2013

আমরার আবু কান্দে রে

আমরার আবু কান্দে রে
আম দিতাম কাঁডল দিতাম
পথো পথো খাইতো।।

আমরার আবু কান্দে রে
নাইকা হূতির পিরান
ঘাইম্মা ওডে নরম শরীল
লইও এট্টু জিরান
তালের একখান পাহা দিতাম
হউরী বাতাস দিতো।।

আমরার আবু কান্দে রে
হাতো দইয়ের খুডি
থইলার ভিতরে গুয়া মুড়ি
চ্যাপা শুটকি পুডি
গানের একখান ঘাডু দিতাম
নাইচ্চা গাইয়া নিতো।।

আমরার আবু কান্দে রে
লইয়াম সোনার পুরী
ভাটির দ্যাশের রাজার কন্যা
নাইকা রূপের জুড়ি
তাঁতের একখান শাড়ি দিতাম
তারেই পরাই দিতো।।

শেখ জলিল   ০৯.১০.২০১৩