Monday, December 23, 2013

বাউরী বাতাস বাউরী বাতাস

বাউরী বাতাস বাউরী বাতাস
মন পবনে ঝড়
বুকের মাঝে বাইন্ধাছে ঘর
বাউল কারিগর
আমি পথের মাঝে সন্ধান করি
পথের পথিকবর।।

আমার নাই রে আপন নাই রে স্বজন
সঙ্গী যে একতারা
আউল বাউল মনটা আমার
রূপের পাগলপারা
আমি অকূল কূল খুঁইজা মরি
অচিন রূপনগর।।

আমার নাই রে বাড়ি নাই রে দ্বারি
বান্ধি যে ঘর পথে
জলিল বলে বসত আমার
ভাবের ভাবনারথে
আমি সবার মনে বাঁধন গড়ি
ভুইলা আপন পর।।

শেখ জলিল ১৩.১০.২০১৩

Monday, December 9, 2013

আশ্বিনে নয়, কার্তিকে নয়

আশ্বিনে নয়, কার্তিকে নয়
আইসো বন্ধু পউষে
বিহান বেলার রোদ পোহাবো
বইসা মনের হাউসে
তুমি আইসো বন্ধু পউষে।।

সারা রাইতের শীতের পরে
বিহান বেলার রোদ
দেহের মাঝে উষ্ণ ছড়ায়
বাড়ায় স্পর্শ বোধ
তুমি থাইকো বন্ধু একটু পাশে
সুখের তখত তাউসে।।

কইও কথা মিষ্টি তেতো
সারা দিনমান
খেলবো পাশা দুজন মিলে
ভরবে মনপ্রাণ
তুমি গাঁইথো মালা গোলাপ-গাঁদার
রাঙা ফুলের ঢাউসে।।

শেখ জলিল   ০৯.১২.২০১৩

Wednesday, November 13, 2013

মিশে যাও মানুষে

মিশে যাও মানুষে
যদি বন্ধু পেতে চাও
কে আসল কে নকল
মুখোশ দেখে নাও
দেখো আকাশে বাতাসে ভাসে
অবিশ্বাসের বাও।।

বুঝবে না তুমি বুঝবে না
কাছে থাকলেও শত
কার হৃদয়ে তেতো বিষ
বিশ্বাস ভঙের ক্ষত
তাই হাতের নাগালে যাও চলে
পাঁজরে পাঁজরটা মিলাও।।

জানবে না তুমি জানবে না
মনে জমা কতো খেদ
পকেটে লুকানো ছুরি
করতে পারে বুক ভেদ
তাই চোখের গভীরে দেখো চেয়ে
নজরে নজরটা মিলাও।।

শেখ জলিল    ১৩.১১.২০১৩
 

Tuesday, October 29, 2013

আমরার আবু কান্দে রে

আমরার আবু কান্দে রে
আম দিতাম কাঁডল দিতাম
পথো পথো খাইতো।।

আমরার আবু কান্দে রে
নাইকা হূতির পিরান
ঘাইম্মা ওডে নরম শরীল
লইও এট্টু জিরান
তালের একখান পাহা দিতাম
হউরী বাতাস দিতো।।

আমরার আবু কান্দে রে
হাতো দইয়ের খুডি
থইলার ভিতরে গুয়া মুড়ি
চ্যাপা শুটকি পুডি
গানের একখান ঘাডু দিতাম
নাইচ্চা গাইয়া নিতো।।

আমরার আবু কান্দে রে
লইয়াম সোনার পুরী
ভাটির দ্যাশের রাজার কন্যা
নাইকা রূপের জুড়ি
তাঁতের একখান শাড়ি দিতাম
তারেই পরাই দিতো।।

শেখ জলিল   ০৯.১০.২০১৩

Monday, September 30, 2013

ছাতিম গাছের মাথায় কাক

ছাতিম গাছের মাথায় কাক
কা-কা রবে পাড়ছে ডাক
খোকন সোনার বিয়ে দেবো না
কনের বায়না নেবো না।
বাঁশের ঝাড়ে বকের ছা
যা বগি তুই দূরে যা
খোকার দিকে নজর দিও না
শখের খেলনা নিও না।।

আসবে ছুটে রাজার ঘোড়া
মোদের ঘোড়াশালে
পালকি নিয়ে ছয় বেহারা
হাঁটবে দুলকি চালে
ঘটক বাবুর মাথায় টাক
বাজবে ঢোলক বিয়ের ঢাক
খোকার বারাত ফিরে চেয়ো না
তোমরা দুঃখ পেয়ো না।।

বাড়ির পাশে তেঁতুল গাছে
কুটুম বাসা বাঁধে
আড়বাঁশিতে খোকন সোনা
শ্যামের গীতি সাধে
রাইবিনোদীর বেজায় রাগ
হঠাৎ করে থামলে ঢাক
তোমরা স্তব্ধা খেও না।।

শেখ জলিল  ০৭.০৯.২০১৩

Tuesday, August 27, 2013

ও মন ঘর যদি প্রশান্ত

ও মন ঘর যদি প্রশান্ত তোমার
দুনিয়া হবে স্বর্গ
ঘরের কোণেই চার নয়নে
দুই হৃদয়ের বর্গ।।

দেখবে যদি দুনিয়াটাকে
ঘরকে দেখো সবার আগে
কোঠায় কোঠায় নকশী আঁকা
হৃদকলমের দাগে।
আবার অযত্নে সব রত্নহারা
অচল সোনার মর্গ।।

ভাববে যদি দূর সন্ন্যাসে
ঘরকে রাখো মনের বাসে
নিজ নিবাসে ঠিক করে নাও
প্রেম হৃদয়ের পাশে।
আবার ঘরেই দেখো বিরানভূমি
ভুল মানুষের চর গো।।

শেখ জলিল    ২৭.০৮.২০১৩

Thursday, August 15, 2013

এই ধরাতে এসে

এই ধরাতে এসে মানুষ শুধু একা
বিশ্বাস মাঝে বিশ্বাস রুয়ে
চিবুকের সাথে চিবুক ছুঁয়ে
খণ্ডিত হয় ভাগ্যরেখা
সব যাপিত দিনের লেখা।।

নিজ পাঁজরের হাড় ঘষে
বানালে যে কৃষ্টি
কষ্ট শেষে হবে তোমার
সবই অনাসৃষ্টি
বিশ্ব খুঁজে পাবে না আর
সেই স্বজনের দেখা।।

ভুল মানুষের মন খুঁজে
হারালে যে দৃষ্টি
অন্ধ চোখে হবে না আর
নতুন আলো সৃষ্টি
যাত্রাশেষে ডাকবে মরণ
অচিন পথের রেখা।।

শেখ জলিল   ১৫.০৮.২০১৩