Tuesday, August 27, 2013

ও মন ঘর যদি প্রশান্ত

ও মন ঘর যদি প্রশান্ত তোমার
দুনিয়া হবে স্বর্গ
ঘরের কোণেই চার নয়নে
দুই হৃদয়ের বর্গ।।

দেখবে যদি দুনিয়াটাকে
ঘরকে দেখো সবার আগে
কোঠায় কোঠায় নকশী আঁকা
হৃদকলমের দাগে।
আবার অযত্নে সব রত্নহারা
অচল সোনার মর্গ।।

ভাববে যদি দূর সন্ন্যাসে
ঘরকে রাখো মনের বাসে
নিজ নিবাসে ঠিক করে নাও
প্রেম হৃদয়ের পাশে।
আবার ঘরেই দেখো বিরানভূমি
ভুল মানুষের চর গো।।

শেখ জলিল    ২৭.০৮.২০১৩

Thursday, August 15, 2013

এই ধরাতে এসে

এই ধরাতে এসে মানুষ শুধু একা
বিশ্বাস মাঝে বিশ্বাস রুয়ে
চিবুকের সাথে চিবুক ছুঁয়ে
খণ্ডিত হয় ভাগ্যরেখা
সব যাপিত দিনের লেখা।।

নিজ পাঁজরের হাড় ঘষে
বানালে যে কৃষ্টি
কষ্ট শেষে হবে তোমার
সবই অনাসৃষ্টি
বিশ্ব খুঁজে পাবে না আর
সেই স্বজনের দেখা।।

ভুল মানুষের মন খুঁজে
হারালে যে দৃষ্টি
অন্ধ চোখে হবে না আর
নতুন আলো সৃষ্টি
যাত্রাশেষে ডাকবে মরণ
অচিন পথের রেখা।।

শেখ জলিল   ১৫.০৮.২০১৩

Tuesday, July 23, 2013

আমি এই শহরের সব ঘরে ঘরে

আমি এই শহরের সব ঘরে ঘরে
আগুন জ্বালিয়ে দেবো
আমার প্রেমের অপমানের
প্রতিশোধ নেবোই নেবো
আমি মানবো না পরাজয়
মনে জ্বলছে বরাভয়।।

ভেবো না তুমি হবো দেবদাস
নিজেকে করবো ধ্বংস
তোমার প্রেমিক সন্ধানীদের
করে দেবো নির্বংশ
আমায় হারানো সহজ নয়
জানি আমারই হবে জয়।।

ভেবো না তুমি বিরহে তোমার
বুকে পাথর চেপে রাখবো
তোমার পাপের শেষ না দেখে
আঁধারে দু’চোখ ঢাকবো
সেদিন আসবে যে নিশ্চয়
যেদিন প্রেমেরই হবে জয়।।

শেখ জলিল  সেপ্টেম্বর, ২০০৫

Wednesday, July 10, 2013

কতোটুকু পায় মানুষ

কতোটুকু পায় মানুষ
দুহাতে উড়ায়ে ফানুস-
যাপিত জীবন শেষে মৃত্যু-বেদনা ছাড়া
আরও বেশি, বেশি কিছু আছে কি?।

যতোটুকু প্রাপ্তি তার শৈশব-কৈশোরে
তারও বেশি সে হারায় বৃদ্ধে ও প্রৌঢ়ে
হারানোর ব্যথা ছাড়া সুখেরই পরশে
বুকের পাঁজরে প্রাণ বাঁচে কি?।

যতোটুকু সন্ধি তার যৌবনে বন্ধনে
তারও বেশি আলোড়ন বিরহ ক্রন্দনে
মিলনের জ্বালা ছাড়া রাতেরই প্রহরে
অযাচিত সুখ কেউ যাচে কি?।

শেখ জলিল        ০৯.০৭.২০১৩

Saturday, June 15, 2013

বন্ধু তোদের

বন্ধু তোদের পাকা ঘরখানা
আমার না হয় মাটির বিছানা
দুঃখ নেই তাতে
বুকে আগলে রেখেছি তোদের
প্রিয় প্রিয় ছবি মুখটা চাঁদের
শৈশব স্মৃতিটাকে।।

কতো না খেলেছি ধুলোকাদা মেখে
গায়ের কাপড় নদীপাড়ে রেখে
বেনোজলে দিয়েছি ঝাঁপ
মার্বেল টিপ, ডাংগুলি খেলে
পাড়ার সকল ডানপিটে ছেলে
দিনকে করেছি রাত।
আজো দেখি সব নতুনের মুখে
রয়েছি ভালো এই বেশ সুখে
ছোট্ট নদীর বাঁকে।।

জানি আর তোরা আসবি না ফিরে
দেখতে সবুজ প্রিয় গ্রামটিরে
ভুল করে একটিবার
তবুও তোদের করি আমন্ত্রণ
চড়ুইভাতির ভরা নিমন্ত্রণ
রেখেছি খোলা দুয়ার।
আজো মনে পড়ে বন্ধু তোদের
পেয়েছি কাছে জীবনে যাদের
হাতে হাতখানি রেখে।।

শেখ জলিল    ১৫.০৬.২০১৩

Thursday, May 23, 2013

ও হায়, রঙের মানুষ

ও হায়, রঙের মানুষ ওড়ায় ফানুস
রঙে ভরা নীলিমায়
ছিঁড়লে সূতো হারিয়ে যাবে
স্বপ্ন ঘুড়ি অজানায়।।


গল্পকথায় হৃদয় বরণ
সুখের তরে সঙ্গী ধারন
আবার দুঃখনীলে একলা মরণ
মানুষের কারণ।
দেখি কর্মে কর্মে কতো যে রূপ
মর্মে মর্মে ভরা অসুখ
রঙ্গরসের কামনায়।।


ছোট-বড়ো জাতের বিচার
উচ্চ-নীচ ভেদের আচার
আবার ধনী-গরীব মানুষ বোঝার
সম্পদের বাহার।
দেখি বর্ণে বর্ণে কতো অমিল
ধর্মে ধর্মে আঁটা যে খিল
কর্মভেদের দুনিয়ায়।।


শেখ জলিল   ২১.০৫.২০১৩

Wednesday, May 1, 2013

পরিযায়ী চোখে ভাসে

পরিযায়ী চোখে ভাসে বারোয়ারি রং
মেঘে মেঘে বিদ্যুৎ চমকে যেমন
কেমনে বোঝাই বলো ভুলেরই কারণ
ব্যথা অনুরণন।।

জ্যৈষ্ঠে খরতাপ, শ্রাবণেতে বৃষ্টি
পলকে পলকে বাড়ে কীযে অনাসৃষ্টি!
যদিবা রই ঝুলে
আশ্বিনে কাশফুলে
রাখে না রাখে না কারও
স্মৃতি অনুস্মরণ।।

অঘ্রাণে সোনা রং, মাঘ রাতে শিহরণ
যাচে না হৃদয় কারও বুনো সমর্পণ!
যদিবা ফুল হাসে
নিদারুণ চৈত মাসে
করে না করে না মন
নববর্ষ বরণ।।
 
শেখ জলিল ০১.০৫.২০১৩